কাউন্সিলরের অসহযোগিতায় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা চট্টগ্রাম নগরের পাঠানটুলী সড়কের সম্প্রসারণ ও সংস্কারকাজ শেষ মুহূর্তে এসে আটকে গেছে। বর্তমানে সড়কের দুই পাশের নালা পুনর্নির্মাণ ও স্ল্যাব নির্মাণের কাজ বন্ধ। ময়লা-আবর্জনাযুক্ত পানি রাস্তায় জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের অসহযোগিতায় এ নির্মাণকাজ বন্ধ আছে বলে অভিযোগ করেছেন প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৪০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এ সড়ক সম্প্রসারণ করছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর ও বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জের মধ্যে পণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ হবে। এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটির প্রস্থ সাড়ে ৫৩ ফুট। আগে প্রস্থ ছিল ২৫ থেকে ৩০ ফুট।
চউক সূত্রে জানা গেছে, সড়ক সম্প্রসারণের সময় দুই পাশে জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণ করা জায়গায় অবস্থিত ভবন ও দোকানের ভেতরেই নালা নির্মাণ করা হয়। পরে ভবনগুলোর বর্ধিত অংশ অপসারণ করার সময় নালা ভরাট হয়ে যায়।
চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, প্রথম দিকে নালার কিছু অংশ পরিষ্কার করা হলেও পরে অদৃশ্য কারণে তা বন্ধ করে দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এরপর কয়েক দফা অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। এতে প্রকল্পের কাজ এখন বন্ধ আছে।
রাকিব অ্যান্ড ব্রাদার্স, আর এস এন্টারপ্রাইজ ও ইয়াকুব এন্টারপ্রাইজ নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়ক সম্প্রসারণের কাজ করছে। রাকিব অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী রাকিব আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় স্ল্যাব দিতে পারছি না। বিষয়টি আমরা চউককে অবহিত করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি প্রথম আলোকে বলেন, নালার বেশির ভাগ অংশ পরিষ্কার করা হয়েছে। লোকবল সংকটের কারণে এখন তা সম্ভব হচ্ছে না।
চউক সূত্রে জানা গেছে, ২০১১ সালের ডিসেম্বরে শুরু হওয়া এ প্রকল্প বাস্তবায়নের শেষ সময় ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। তবে এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রাম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করেছিলেন।