কাউন্সিলরের ওপর হামলা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার এক কাউন্সিলরের হামলায় অপর এক কাউন্সিলর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত কাউন্সিলর দাবি করেছেন, তাঁর ওপর আগে হামলা চালানো হয়েছে। গত রোববার পৌর কার্যালয়ের চত্বরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার কাউন্সিলরদের একাংশ শহরের প্রধান সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। হামলায় আহত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনতিয়াজ আহমেদকে (৪১) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র আল মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী অভিযোগ করেন, গত রোববার রাতে তিনিসহ পৌরসভার আটজন কাউন্সিলর একটি কক্ষে বসে সভা করছিলেন। এ সময় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন সেখানে হামলা চালান। তাঁরা কাউন্সিলর ইনতিয়াজকে ধরে শহরের প্রধান সড়কে নিয়ে পিটিয়ে জখম করেন।
কাউন্সিলর মনিরুল ইসলাম দাবি করেন, গত রোববার দুপুরে কয়েকজন কাউন্সিলর ও তাঁদের সমর্থকেরা পৌর চত্বরে তাঁকে মারধর করেন। এর প্রতিশোধ নিতে ইনতিয়াজকে ধাওয়া করলে সে রাস্তায় পড়ে গিয়ে আহত হন। তিনি ও তাঁর লোকজন কোনো কাউন্সিলরকে মারধর করেননি।
মেয়র মুতাছিম বিল্লাহ অভিযোগ করেন, পৌর কার্যালয়ের একটি কক্ষে বসে আলোচনার সময় কাউন্সিলর মনিরুল ও তাঁর লোকজন আট কাউন্সিলরের ওপর হামলা চালিয়েছেন। এ ব্যাপারে পৌর পরিষদের জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।