কাউন্সিলরের ঘরের কারণে এক যুগেও সেতু হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের বয়লা-তারাপাশা এলাকায় নরসুন্দা নদীর ওপর শোলাকিয়া ঈদগাহ সেতুটি এক যুগেও নির্মাণ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়ার পরও সেতুটি নির্মাণ করা সম্ভব হয়নি। একজন পৌর কাউন্সিলর সেতু নির্মাণের নির্ধারিত স্থানটি দখল করে বসতঘর ও মুরগির খামার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পৌর প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর কর্তৃপক্ষ ১৯৯৭-৯৮ অর্থবছরে বয়লার মতিউর রহমানের বাড়ির সামনে থেকে শোলাকিয়া ঈদগাহ মাঠের পুকুরের পাশের সড়ক পর্যন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেয়। মেসার্স লস্কর ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছিল।পৌর কাউন্সিলরসহ এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সেতুর জন্য নির্ধারণ করা স্থানটি পৌর কাউন্সিলর আবু নাসের হিলালী ওরফে মিন্টু দখল করে রেখেছেন।সরেজমিনে দেখা গেছে, সেতু নির্মাণের নির্ধারিত স্থানে নদীর উত্তর পাড়ের সড়কের রাস্তা দখল করে তিনটি বসতঘর ও একটি মুরগির খামার নির্মাণ করা হয়েছে।পৌরসভা সূত্রে জানা গেছে, সেতুটি নির্মাণ করা হলে শহরের বয়লা, তারাপাশা, মিল্লাতগঞ্জ, মরিচখালীসহ দক্ষিণ অংশের মানুষ সহজেই শোলাকিয়া, চরশোলাকিয়া, কলাপাড়াসহ উত্তর অংশের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারত। সেতুটি না হওয়ায় মোটরসাইকেল, বেবিট্যাক্সিসহ অন্যান্য যানবাহন দুই কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করে।পাকা সেতু না হলেও স্থানীয় লোকজন নদী পারাপারের জন্য সেতুর জন্য নির্ধারণ করা স্থানের পাশেই একটি বাঁশের সাঁকো তৈরি করেছে। প্রতিদিন দুই পাড়ের মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। প্রতিবছর দুই ঈদের সময় এই সাঁকো দিয়ে অন্তত ৫০ হাজার মুসল্লি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যান।খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ পৌরসভার ১১ নম্বর খতিয়ানের ১৭৩৩১ দাগের ৪৪ শতাংশ জমি সেতু নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছিল। ১৫ বছর ধরে এই দাগের ৩০ শতাংশ জমি পৌর কাউন্সিলর আবু নাসের হিলালী দখল করে রেখেছেন।পৌর কাউন্সিলর আবু নাসের হিলালী বলেন, তিনি পৌরসভার জায়গা দখল করে বসতঘর ও মুরগির খামার নির্মাণ করেননি। ওই ৩০ শতাংশ জমি শহরের তারাপাশা এলাকার তাজুল ইসলামের কাছ থেকে কিনেছেন। ওই জমি পৌরসভার হলে তা ছেড়ে দেবেন তিনি।পৌর চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, পৌরসভা দীর্ঘদিন ধরে ওই জমির কর দিচ্ছে। আবু নাসের হিলালী ৩০ শতাংশ জায়গা দখল করে রাখায় দীর্ঘ দিনেও সেতু নির্মাণের কাজ শুরু করা যায়নি। জমি উদ্ধারের জন্য বেশ কয়েকবার জেলা প্রশাসকের কাছে পত্র দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি এখানে কয়েক দিন আগে যোগ দিয়েছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’