গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গত শুক্রবার সকালে বাড়িতে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিন রাতে কিশোরীর মা বাদী হয়ে ইকবাল হোসেন ও সুন্দর বাবুলকে আসামি করে থানায় মামলা করেন।
ইকবাল কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আতাবউদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পৌর এলাকার টেকপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি ইকবাল হোসেনকে আটক করা হয়। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ ও ওই কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে ইকবাল (৩০) তাঁর সহযোগী বাবুল ওরফে সুন্দর বাবলুকে (২৭) নিয়ে পৌরসভার মুনসুরপুর এলাকায় ওই কিশোরীর বাড়ি যান। একপর্যায়ে পানি পানের কথা বলে ওই কিশোরীদের ঘরে ঢুকে পড়েন। অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সদস্যদের জিম্মি করে ঘরের দরজা জানালা আটকে দেন। পরে ইকবাল ও বাবুল ইয়াবা সেবন করেন। এরপর কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী চিৎকার শুরু করলে তাঁরা পালিয়ে যান। পরে কিশোরীর স্বজনেরা ইকবালের বাবার কাছে এ বিষয়ে নালিশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল দুপুর ১২টার দিকে আবার তাঁদের বাড়িতে গিয়ে ওই কিশোরীর মা, নানি, মামা ও বড় ভাইকে মারধর করেন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কিশোরীর একজন আত্মীয় প্রথম আলোকে বলেছেন, ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু দিনভর একটি প্রভাবশালী মহল এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ভয়ে পরিবারের পক্ষ থেকে ধর্ষণচেষ্টার মামলা করতে হয়েছে।
ওই কিশোরীর মা বলেছেন, এর আগেও ইকবাল তাঁর মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতেন এবং কুপ্রস্তাব দিতেন। শুক্রবারের ঘটনার পর মামলা করে এখন তাঁরা আতঙ্কে আছেন। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ইকবালের বাবা আতাবউদ্দিনের মুঠোফোনে গতকাল রাতে পাঁচ-ছয়বার রিং করেও তা বন্ধ পাওয়া যায়। তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানা-পুলিশ সূত্র জানায়, ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গতকাল বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাত পৌনে ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ডাক্তারি পরীক্ষা করা হয়নি।