কাউন্সিলরের দখল থেকে পাউবোর জলাশয় উদ্ধার
রাজশাহী নগরে আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের দখল থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ইজারা দেওয়া জলাশয় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাউবোর কর্মকর্তারা উপস্থিত থেকে ইজারাগ্রহীতাকে জলাশয়টি বুঝিয়ে দেন।
রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আরমান আলী তাঁর লোকজন দিয়ে ২০১৩ সাল থেকে ওই জলাশয় দখল করে রেখেছিলেন। গত সেপ্টেম্বরে পাউবো জলাশয়টি ইজারা দেয়। তবে ইজারাগ্রহীতা এত দিন তার দখল নিতে পারছিলেন না।
পাউবো সূত্রে জানা যায়, ২০১৩ সালের আগ পর্যন্ত জলাশয়টি পাউবোর দখলে ছিল। ২০১৩ সালে স্থানীয় মীর মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি পাউবোর বিরুদ্ধে মামলা করেন। ওই জলাশয়ে তাঁরও জমি আছে দাবি করে ইজারা স্থগিত রাখার আবেদন জানিয়ে তিনি ওই মামলা করেন। কিন্তু গত এপ্রিল মাসে আদালত পাউবোর পক্ষে রায় দেন।
এরপর রাজশাহী নগরের রামচন্দ্রপুর কাজলা মৌজায় অবস্থিত রাজশাহী শহর রক্ষা প্রকল্পের ৬৫৭ শতক জলাশয় মেসার্স লাকী স্যানিটারি স্টোরকে ইজারা দেয় পাউবো। ইজারাগ্রহীতা গত ৩০ সেপ্টেম্বর ওই জলমহাল ইজারা গ্রহণের সাইনবোর্ড টাঙিয়ে দেন। কিন্তু পরের দিন সকালে গিয়ে তাঁরা দেখতে পান, আগের রাতে সেই সাইনবোর্ড তুলে ফেলা হয়েছে। পরে ইজারাগ্রহীতা জলাশয়ে মাছ ছাড়ার চেষ্টা করলে আরমান ও তাঁর লোকজন বাধা দেন। বিষয়টি গত ১ অক্টোবর নগরের বোয়ালিয়া মডেল থানায় লিখিতভাবে জানানো হয়। এরপরও কাউন্সিলর আরমান আলীর লোকজন ওই জলাশয়ে মাছ চাষ করে আসছিলেন।