কাউন্সিলরের দেখা মেলে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় অনেকের অভিযোগ, ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম নিয়মিত অফিস করেন না। বিশেষ প্রয়োজনে বাসায় গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায় না। এতে এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

মনেশ্বর রোড, মনেশ্বর লেন, বাড্ডানগর লেন, বোরহানপুর লেন, কুলাল মহল লেন, কাজীরবাগ লেন, নবীপুর লেন, হাজারীবাগ লেন, হাজারীবাগ রোড, কালুনগর, এনায়েতগঞ্জ, গণকটুলী, ভাংঙ্গী কলোনি, নীলাম্বর সাহা রোড, ভাগলপুর লেন নিয়ে ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ড গঠিত। ওয়ার্ডে ভোটার প্রায় ৫৫ হাজার।

প্রথম আলোর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সাক্ষাৎকারের সময় নিতে গত মঙ্গলবার রাত আটটায় একাধিকবার কাউন্সিলর তারিকুল ইসলাম সজীবের মুঠোফোনে কল দেন এই প্রতিবেদক। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কাউন্সিলরের কার্যালয়ে অপেক্ষা করেও তাঁকে পাওয়া যায়নি। এই সময়ে তাঁকে অনেকবার ফোন দিলেও তিনি ধরেননি। এর ফাঁকে বেলা একটায় হাজারীবাগ লেনে কাউন্সিলরের বাসায় গেলে পরিবারের এক সদস্য বলেন, তিনি (কাউন্সিলর) ঘুমাচ্ছেন। সন্ধ্যার পর কাউন্সিলরের মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়। তাঁর কথা অনুযায়ী, সন্ধ্যার পর আরও বেশ কয়েকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

কাউন্সিলর তারিকুল ইসলামের সহকারী হিসেবে কাজ করেন হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান। তিনি বলেন, কাউন্সিলর ওয়ার্ডের অনেক উন্নয়ন করেছেন। তবে তিনি উচ্চ বংশের ছেলে হওয়ায় প্রচারবিমুখ। রাজনীতিতে তেমন সক্রিয় নন। তাই সবার ফোন তিনি রিসিভ করেন না। সবার সঙ্গে দেখাও করেন না। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাঁকে ফোন দিয়ে পাননি।

নীলাম্বর সাহা রোডের বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, নাগরিক সনদ নিতে তিনি তিন দিন কাউন্সিলর কার্যালয়ে যান। কিন্তু সনদে কাউন্সিলরের সই না থাকায় সনদ পাননি তিনি। তিনি বলেন, কাউন্সিলর ঠিকমতো অফিস না করায় নাগরিকেরা নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে গতকাল সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের বেশির ভাগ সড়ক খানাখন্দ ও আবর্জনায় ভরা। ওয়ার্ডের একমাত্র পার্কে কোনো রাইড নেই। কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত ব্যায়ামাগারে পর্যাপ্ত উপকরণ নেই।

ওয়ার্ডের একমাত্র কমিউনিটি সেন্টার ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ওয়ার্ডে মশা ও কুকুরের উপদ্রব এবং মাদক ও জলাবদ্ধতা সমস্যার রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

ঝুঁকিপূর্ণ কমিউনিটি সেন্টার

দোতলা আলহাজ খলিল সরদার কমিউনিটি সেন্টারের ছাদ ও দেয়ালের এক-তৃতীয়াংশের পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে ছাদের রড বের হয়ে পড়েছে। ভবনের সামনের দেয়ালে লেখা ‘ভবনটি ঝুঁকিপূর্ণ এবং এই ভবনে বসবাস করা নিরাপদ নয়; আদেশক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’

কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়।

নীলাম্বর সাহা রোডের বাসিন্দা বিজয় নারায়ণ বলেন, কাউন্সিলরের সাক্ষাৎ বা সইয়ের জন্য এই ঝুঁকিপূর্ণ ভবনে নাগরিকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কাউন্সিলর ও তাঁর লোকজন।

পার্কে রাইড নেই

খলিল সরদার কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে হাজারীবাগ পার্ক। কিন্তু পার্কে নেই কোনো রাইড। সেটি পরিণত হয়েছে মাঠে। তবে সেই মাঠও খেলাধুলার অনুপযোগী। এর মধ্যেই সেখানে শিশু-কিশোরদের খেলাধুলা করতে দেখা যায়। এই মাঠের চারপাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সড়কে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা।

নীলাম্বর সাহা রোডের বাসিন্দা আবু বকর বলেন, পার্কে শিশু-কিশোরদের জন্য অনেক রাইড ছিল। কিন্তু সিটি করপোরেশনের অযত্ন-অবহেলায় তা বিলীন হয়ে গেছে। এখন এই পার্কেই শিশু-কিশোরেরা খেলাধুলা করে। কিন্তু মাঠ খেলাধুলার উপযোগী নয়। শুষ্ক মৌসুমে মাঠে ধুলাবালি উড়ে। আর বৃষ্টি হলে মাঠ কাদাপানিতে একাকার হয়ে যায়।

ওয়েস্ট বিনের স্তূপ

গত বছরের জানুয়ারিতে ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক শতাধিক ময়লা রাখার পাত্র (ওয়েস্ট বিন) বসায় সিটি করপোরেশন। এর অধিকাংশগুলোই চুরি হয়ে গেছে। এর মধ্যে খলিল সরদার কমিউনিটি সেন্টারের পাশে প্রায় ২০টি ওয়েস্ট বিন স্তূপ করে রাখা রয়েছে।

খানাখন্দে ভরা সড়ক

ওয়ার্ডের মনেশ্বর রোড, মনেশ্বর লেন, বাড্ডানগর লেন, বোরহানপুর লেন, কুলাল মহল লেন, কাজীরবাগ লেন, নবীপুর লেন, হাজারীবাগ লেন, হাজারীবাগ রোড, কালু নগর, এনায়েতগঞ্জ, গণকটুলী, ভাংঙ্গী কলোনি এলাকার প্রায় সব সড়ক খানাখন্দে ভরা। এর মধ্যে গণকটুলী সড়কের সবচেয়ে খারাপ অবস্থা। পুরো সড়কে বড় বড় গর্ত।

অবৈধ ব্যাটারিচালিত রিকশা

ওয়ার্ডে অবাধে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল করতে দেখা গেছে।

নবীপুর লেনের বাসিন্দা মুহসিন আহমেদ বলেন, অবৈধ অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু এগুলো বন্ধে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।