কাউন্সিলরের নেতৃত্বে লুট ছাত্রীর শ্লীলতাহানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলর ও যুবদলের নেতার নেতৃত্বে শহরের একটি ভাঙারির দোকানে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিলে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবদলের সভাপতি তারিক আজিজের (৪০) নেতৃত্বে একদল লোক মিস্ত্রিপাড়া এলাকায় একটি ভাঙারির দোকানে ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে একজন নারী ও তাঁর মেয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারিকের সমর্থকেরা মা ও মেয়েকে গালিগালাজ করে। একপর্যায়ে স্কুলছাত্রীর পরনের কামিজ টেনে ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।
ভাঙারির দোকানের মালিক মো. জাবেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘তারিক আমার কাছে প্রতি মাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় আমার দোকানে তাঁর নেতৃত্বে ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে।’
কাউন্সিলর তারিক বলেন, জাবেদ রেলের লোহা চুরির ঘটনায় জড়িত। শুক্রবার এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে জাবেদের দোকানে ভাঙচুর করে। কোনো স্কুলছাত্রীর শ্লীলতাহানি করা হয়নি।
সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান বলেন, ‘পৃথক দুটি ঘটনায় আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে মামলা নথিভুক্ত করা হবে।’