কাউন্সিলরের বাধার মুখে বন্ধ উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাধায় অবৈধ দখলে থাকা পূর্ব নাখালপাড়া রেললাইন-সংলগ্ন কাঁচাবাজারের জমি উদ্ধার করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। স্থানীয় কাউন্সিলর বাজারের জমির মালিকানা দাবি করায় গতকাল বুধবার উচ্ছেদ অভিযান অর্ধসমাপ্ত অবস্থায় রেখেই ফিরে যান ডিএনসিসির কর্মকর্তারা।
ডিএনসিসি সূত্রে জানা যায়, পূর্ব নাখালপাড়া কাঁচাবাজারে ডিএনসিসির ৭৬ শতাংশ জায়গা দীর্ঘদিন অবৈধ দখলে আছে। দোকানপাট তুলে অবৈধভাবে ব্যবসা করছেন স্থানীয় লোকজন। ডিএনসিসির সম্পত্তি বিভাগ দীর্ঘদিন থেকে ওই এলাকা উচ্ছেদের চেষ্টা করেও পারেনি। গত ২৪ জানুয়ারি একবার দখলদারদের উচ্ছেদের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেদিনের উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়।
গতকাল বেশ আটঘাট বেঁধেই উচ্ছেদ অভিযানে যায় ডিএনসিসি। উচ্ছেদকারী দলের কাছে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুর রহমান ওই সম্পত্তি নিজের পারিবারিক বলে দাবি তোলেন। কাউন্সিলরের এমন দাবির মুখে অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী স্থাপনা না ভেঙে ফিরে যান উচ্ছেদকারীরা। যদিও আশপাশের ছোটখাটো অস্থায়ী কয়েকটি অবৈধ স্থাপনা এ সময় উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ডিএনসিসির জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে স্থানীয় কাউন্সিলর ওই জায়গার মালিকানা দাবি করেন। কাউন্সিলরের দাবি করা জমির মালিক সিটি করপোরেশন। কাউন্সিলর কিসের ভিত্তিতে ওই জমির মালিকানা দাবি করছেন, তা তাঁদের বোধগম্য নয়।
গতকাল ডিএনসিসির জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়, বুধবারের উচ্ছেদ অভিযানে পূর্ব নাখালপাড়া হাইস্কুলের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করে ৫০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনা কেন ভাঙা সম্ভব হয়নি, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
পূর্ব নাখালপাড়ার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ডিএনসিসির সংরক্ষিত নারী কাউন্সিলর শামীমা রহমান প্রথম আলোকে বলেন, ‘মুজিবুর রহমান ওয়ার্ড কাউন্সিলর হয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া ঠিক হয়নি।’ তিনি অভিযোগ করেন, কাউন্সিলর মুজিবুর রহমান সিটি করপোরেশনের জায়গায় অবৈধভাবে দোকানপাট গড়ে তুলেছেন। ওসব দোকান ভাড়া দিয়ে তিনি বাণিজ্য করছেন। এ কারণে ওই জমিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুজিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘পূর্ব নাখালপাড়া হাইস্কুলের পেছনের জায়গা আমার বাবা ও চার চাচার। সিটি করপোরেশন অবৈধ দখলে থাকা বাজার উচ্ছেদ না করে আমার পারিবারিক জায়গায় উচ্ছেদ চালাতে আসে।’