
পরিবহনমালিক ও শ্রমিকদের বাধার কারণে রাজধানীর সায়েদাবাদের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ মাঝপথে বন্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উচ্ছেদ অভিযানে খোদ ডিএসসিসির এক কাউন্সিলরও বাধা দিয়েছেন৷ এই স্ট্যান্ডে তাঁর ৮ থেকে ১০টি ট্রাক নিয়মিত রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, মামুন সরদার ও খান মোহাম্মদ নাজমুস শোয়েব।
খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পূর্ণ প্রস্তুতি নিয়ে ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। গতকাল প্রায় অর্ধেক উচ্ছেদ করা হয়েছে। কিন্তু ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান এবং ট্রাকমালিক ও শ্রমিকদের বাধার কারণে পুরোপুরি উচ্ছেদ সম্ভব হয়নি। বাকি অংশটুকু ঈদের পর উচ্ছেদ করা হবে।’ তিনি জানান, উচ্ছেদ করা অংশে গতকাল সন্ধ্যার পর থেকেই সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। ফলে উচ্ছেদ করা অংশে নতুন করে ট্রাক রাখা যাবে না।
স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, ৮ থেকে ১০ বছর আগে সায়েদাবাদের জনপদের মোড়ের দক্ষিণ পাশে ডিএসসিসির একটি খালি জায়গায় এই অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠে। স্ট্যান্ডটির কারণে এই এলাকায় দিনভর যানজট লেগে থাকে। এর মাত্রা রাতে আরও কয়েক গুণ বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও ডিএসসিসির কয়েকজন কর্মকর্তা জানান, গতকাল বেলা দেড়টার দিকে স্ট্যান্ডটির পশ্চিম সীমানা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বেলা আড়াইটা পর্যন্ত ৫০ থেকে ৬০টি ট্রাক সরানো হয়। এ সময় কাউন্সিলর হাবিবুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ট্রাকমালিক ও শ্রমিক উচ্ছেদ অভিযানে বাধা দেন। উচ্ছেদে ব্যবহৃত বুলডোজারের সামনে দাঁড়িয়ে তাঁরা বিক্ষোভ করেন। পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা তাঁদের সরিয়ে দিতে কয়েক দফা চেষ্টা করেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কঠোর ব্যবস্থা নেয়নি ডিএসসিসি। তবে বেলা পৌনে তিনটার দিকে উচ্ছেদের সমর্থনে স্ট্যান্ডে মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উচ্ছেদে শতাধিক পুলিশ, র্যাব, আনসারসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন৷
বেলা সোয়া তিনটার দিকে দেখা যায়, জনপদ মোড়ের ওই ট্রাকস্ট্যান্ডের আশপাশে কয়েক হাজার লোক দাঁড়িয়ে রয়েছেন। পুরো ট্রাকস্ট্যান্ডটি ময়লা-আবর্জনায় ভরা। উচ্ছেদে ব্যবহৃত বুলডোজার দিয়ে স্ট্যান্ডের আবর্জনা ও ছোট কয়েকটি স্থাপনা সরাচ্ছেন ডিএসসিসির কর্মীরা। স্ট্যান্ডের পূর্ব পাশে রাখা আছে আরও অর্ধশতাধিক ট্রাক। উচ্ছেদে অংশ নেওয়া ডিএসসিসির কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা দাঁড়িয়ে পরামর্শ করছেন। বিকেল সাড়ে চারটার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবে অনেক চেষ্টা করেও কাউন্সিলর হাবিবুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি। রাতে একাধিকবার তাঁর মুঠোফোন নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়৷
ওই স্ট্যান্ডে প্রায় ছয় বছর ধরে ট্রাক রাখেন সোলাইমান হোসেন৷ তিনি বলেন, বিকল্প কোনো জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই এই স্ট্যান্ডে ট্রাক রাখেন তাঁরা। জায়গাটিতে একটি স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ করতে ডিএসসিসিতে একাধিকবার আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি দেওয়া হয়নি।