কাউন্সিলরের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে ‘অশোভন আচরণের’ অভিযোগ এনেছেন মেয়র মো. শাহীন। সংরক্ষিত আসনের ওই কাউন্সিলরের নাম নার্গিস বেগম। মেয়র কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে নার্গিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।মেয়র অভিযোগ করেন, নার্গিস বেগম গত ১৮ মে তাঁর কক্ষে গিয়ে নিজের সত্যায়ন করা দুটি ছবিতে তাঁকে অনুস্বাক্ষর দিতে বলেন। বিষয়টি বিধিসম্মত না হওয়ায় তিনি অনুস্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করেন। এতে নার্গিস বেগম খেপে গিয়ে তাঁকে ‘বাজে ভাষায় বকাবকি’ করেন এবং একপর্যায়ে তাঁকে মারতে উদ্যত হন।অভিযোগে বলা হয়, এ ঘটনার পরদিন ১৯ মে নার্গিস বেগম ‘তুচ্ছ বিষয়’ নিয়ে পৌরসভার নিবন্ধন তদন্তকারী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, তাঁর সহকারী তুহিনুর রহমান ও কর আদায়কারী শাহনেওয়াজ আহম্মেদকে গালিগালাজ করেন এবং আপন নামের এক পরিচ্ছন্নতা কর্মীকে মারধর করেন। এদিকে নার্গিস বেগম গতকাল প্রথম আলোকে জানান, বর্তমান মেয়র তাঁকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। এ জন্য তিনি তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ করেছেন।জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। এর সত্যতা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।