কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ময়নুল হক মনজুর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম দফায় ছয়জন ব্যবসায়ী পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) কাছে বক্তব্য দেন।
জানতে চাইলে গতকাল বিকেলে এডিসি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারের নির্দেশে তিনি ঘটনার তদন্ত করছেন। পাঁচ-ছয় দিনের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
টিকাটুলীতে অবস্থিত রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দাবি করে আসছেন ময়নুল হক মনজু। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য।
গত ঈদুল ফিতরের আগ থেকে ময়নুল হকের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। গত শনিবার মার্কেটের শতাধিক ব্যবসায়ী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন, চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা দোকান বন্ধ করে দেবেন। এর তিন দিন আগে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ও নিরাপত্তা চেয়ে আট ব্যবসায়ী ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেন।
এর পরিপ্রেক্ষিতে কয়েক দিন আগে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার এই চাঁদাবাজির ঘটনা তদন্তের জন্য এডিসি মেহেদী হাসানকে নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এডিসির কার্যালয়ে বক্তব্য দেওয়ার পর ছয় ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ওয়ারী থানার পুলিশ তাঁদের এডিসি মেহেদী হাসানের মানিকনগরের কার্যালয়ে ডেকে নেয়। দুপুর ১২টা থেকে এক ঘণ্টা তাঁরা সেখানে ছিলেন। বক্তব্য শোনার পর এডিসি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ব্যবসায়ীরা এডিসিকে বলেছেন, ময়নুল ও তাঁর দলবল রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ১ হাজার ৭৮৮টি দোকান থেকে সার্ভিস চার্জের নামে বিভিন্ন কৌশলে কয়েক গুণ বেশি চাঁদা নেন। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর মার্কেটের প্রবেশপথ ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদা তোলেন, তারও বিবরণ দিয়েছেন ছয় ব্যবসায়ী।
ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই মধ্যরাতে র্যা ব-১০-এর একটি দল মার্কেটে চাঁদাবাজির সময় হাতেনাতে ১১ জনকে আটক করে। কিন্তু রাজনৈতিক চাপে তাঁদের মধ্যে যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেয় র্যা ব। পরে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান। গত ২৪ আগস্ট তাঁদের সাজার মেয়াদ শেষ হয়। ওয়ার্ড কাউন্সিলর ময়নুল মার্কেটে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
অবশ্য চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে রেজাউল করিমকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে সানাউল করিম ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র। তিনি রেজাউল করিমের ছোট ভাই।