কাউন্সিলরের বিরুদ্ধে তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আসামি করে তিনটি মামলা হয়েছে। গত রোববার রাতে পুলিশ বাদী হয়ে দুটি এবং জালকুড়ি এলাকার ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন একটি মামলা করেন।এদিকে ইসরাফিল প্রধানকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ জন কাউন্সিলর। প্রসঙ্গত, রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় কাউন্সিলর ইসরাফিলকে পুলিশ আটক করে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ ৫০ জন আহত হয়।গতকাল সোমবার সকালে ইসরাফিলকে হাতকড়া পরিয়ে ও চোখে কাপড় বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। ইসরাফিলের জামিন মঞ্জুর না হওয়ায় তাঁর সমর্থকেরা শহরের চাঁদমারী নতুন কোর্ট এলাকায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করে।এদিকে কাউন্সিলর ইসরাফিলকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৪ জন কাউন্সিলর সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মঙ্গলবারের (আজ) মধ্যে ইসরাফিলের মুক্তি দাবি করা হয়। অন্যায়ভাবে ইসরাফিলকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ তুলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লার অপসারণ দাবি করেন তাঁরা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করে দেন কাউন্সিলররা। তাঁরা বলেন, আন্দোলনের প্রথম পদক্ষেপ হবে সিটি করপোরেশনের সব ধরনের নাগরিকসেবা বন্ধ করে দেওয়া।সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয়ভাবে কাউন্সিলরদের সালিস করার অধিকার আছে। রোববার একটি সালিস থেকে বিনা কারণে ইসরাফিলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর অপরাধ ছিল পুলিশের দাবি অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির পক্ষে রায় না দেওয়া। থানায় নিয়ে হাতকড়া পরিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। কাউন্সিলররা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।ওসি কামরুল আলম মোল্লা বলেন, সদর উপজেলার জালকুড়ি এলাকার বিল্লাল হোসেনকে মারধর করার ঘটনায় দায়ের করা মামলায় ইসরাফিলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোমবার রাতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, যানবাহন ভাঙচুরের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ও মামুন মিয়া ইসরাফিলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন।