কাউন্সিলরের বিরুদ্ধে রেলের বাসা দখলের অভিযোগ
এবার সৈয়দপুরে দুই পৌর কাউন্সিলরের বিরুদ্ধে রেলওয়ের একটি কোয়ার্টারসহ ফাঁকা জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ওই কোয়ার্টার ও জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের রোষানলে পড়েন এবং ব্যর্থ হয়ে ফিরে যান।জানা গেছে, সৈয়দপুর শহরের বাবুপাড়া (গার্ডপাড়া) এলাকায় ৯৩২/বি নম্বর রেলওয়ে কোয়ার্টার বরাদ্দ নিয়ে বসবাস করে আসছিলেন রেলওয়ে কারখানার কার্য অধ্যক্ষের (ডব্লিউএম) কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মোসলেম উদ্দিন। সম্প্রতি তিনি অবসরে যান। ২০ আগস্ট তিনি কোয়ার্টার ছেড়ে দেন। আর এই সুযোগে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোশাররফ হোসেন ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবিদ হোসেন ওই কোয়ার্টারটি দখল করেন। তাঁরা দেখাশোনার জন্য ওই কোয়ার্টারে একটি পরিবারকে কেয়ারটেকার হিসেবে রেখেছেন। গত শনিবার রাতে ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি দিল নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক গোলাম রুবায়েত কিছুসংখ্যক নেতা-কর্মী নিয়ে তা দখলমুক্ত করতে যান। এ সময় তাঁদের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।গত রোববার দুপুরে সরেজমিনে ওই কোয়ার্টারের কেয়ারটেকারের সঙ্গে কথা বলতে চাইলে পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন বাধা দেন। এ সময় তিনি মোসলেম উদ্দিনের কাছ থেকে কোয়ার্টারটি কিনেছেন বলে জানান। ভবিষ্যতে তাঁর মেয়ে ওই কোয়ার্টারে বসবাস করবেন বলেও তিনি জানান।ছাত্রলীগ সভাপতি দিল নেওয়াজ খান বলেন, ‘আমরা সরকারি সম্পত্তি দখলে বাধা দিয়েছিলাম। কিন্তু পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন আমাদের জানান, কোয়ার্টারটি তিনি সাড়ে আট লাখ টাকায় কিনেছেন। কেউ বাধা দিলে ফল ভালো হবে না। তাই ফিরে এসেছি।’১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবিদ হোসেন বলেন, ‘রেল কোয়ার্টার দখলের ঘটনায় আমি জড়িত নই। সব সময় মোশাররফ ভাইয়ের সঙ্গে থাকি বলে আমাকে জড়ানো হচ্ছে।’সৈয়দপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা বলেন, রেলওয়ের সম্পত্তি দখল করা অবশ্যই আইন লঙ্ঘন। দখলদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।