কাউন্সিলরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মামলা
চট্টগ্রামের অক্সিজেন শহীদনগর এলাকায় পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলামের সমর্থকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁরা সবাই কাউন্সিলরের প্রতিপক্ষ।সংঘর্ষের পর কাউন্সিলরের সমর্থকেরা একটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করে সেখান থেকে মালামাল ও বাড়ির গবাদিপশু নিয়ে যায় বলে আদালতে অভিযোগ করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন: রূপবান বেগম, তাঁর ছেলে দেলোয়ার হোসেন, নূরজাহান বেগম ও পাকিজা বেগম। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।আহত ব্যক্তিরা অভিযোগ করেন, সংঘর্ষের ঘটনায় বুধবার বায়েজিদ থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এরপর গতকাল বৃহস্পতিবার রূপবান বেগম নামে এক নারী চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ওয়ার্ড কাউন্সিলরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।তবে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, ‘তারা মামলা করতে এলে গ্রেপ্তার করতাম। কারণ, তারা ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলা করেছে। এরপর এলাকার লোকজন গিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়েছে।’মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন লোক রূপবানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনের দোকানেও হামলা করে। এরপর বাড়ি ও দোকানে রাতভর লুটপাট চালায়। মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম তাঁদের সঙ্গে ছিলেন।শফিকুল ইসলাম বলেন, ‘আমার ওপর হামলা হয়েছে শুনে এলাকার লোকজন গিয়ে একটি বাড়ি ভেঙে ফেলে। আমি তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম।’