কাউন্সিলরের ভাইয়ের দোকান ফুটপাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গায় সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা কাউন্সিলরের ভাই অবৈধ দোকান নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরের সিরাজউদ্দৌলা সড়কের লিটল ফ্লাওয়ার জুয়েলস বিদ্যালয়ের সামনের ফুটপাত ও নালার ওপর এই দোকান নির্মাণ করা হচ্ছে।

সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগমের ভাই মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দিয়েছেন। এরপর বিষয়টি তদন্ত করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ। তদন্তে করপোরেশনের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া যায়।

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফাইল নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি।’

করপোরেশনের সম্পত্তি বিভাগের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সরেজমিনে তদন্ত করে দেখা যায়, মোহাম্মদ ফারুক সিটি করপোরেশনের মালিকানাধীন রহমতগঞ্জ মৌজার বিএস-১১৯৫ দাগের ওপর দোকানঘর নির্মাণ করছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অবৈধ দখল উচ্ছেদ করার বিষয়ে অনুমোদন দেওয়া যেতে পারে। ৮ অক্টোবর এ প্রতিবেদন দেওয়া হয়।

মোহাম্মদ ফারুক জায়গাটি নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমাদের জায়গার প্রয়োজনীয় কাগজপত্র কিছুদিন আগে করপোরেশনের সম্পত্তি বিভাগে জমা দিয়েছি। তবে আরএস খতিয়ানের কাগজপত্র তখন আমাদের কাছে ছিল না। এখন এগুলো উত্তোলন করা হচ্ছে। আগামী রোববারের মধ্যে তা জমা দেব।’

এদিকে এই দোকান নির্মাণের বিরুদ্ধে স্থানীয় শেখ মোখলেছুর রহমান চৌধুরী ওয়াক্‌ফ এস্টেটের পক্ষ থেকে সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, নগরের সিরাজউদ্দৌলা সড়কের দেওয়ানবাজার সাব এরিয়ার বিপরীত এলাকায় প্রায় ৭০টি পরিবার বসবাস করে। সম্প্রতি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের আঁধারে আবাসিক এলাকার মূল ফটকের সামনে সরকারি রাস্তা ও নালা দখল করে একটি অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকে। এ অবৈধ স্থাপনা নির্মাণের কারণে কলোনির ৭০টি পরিবারের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘নালার পাশে করপোরেশনের জায়গায় স্থাপনা নির্মাণ করা হচ্ছে, এ রকম একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।’