গোপালগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন হয়েছে৷ মানববন্ধনে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই কাউন্সিলরের জড়িত থাকার অভিযোগ এনে শািস্ত দাবি করা হয়৷
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করে জেলা সামাজিক প্রতিরোধ কমিটি৷
কাউন্সিলরসহ জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে বক্তব্য দেন টিআইবি ফরিদপুর কার্যালয়ের সমন্বয়কারী আবদুর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের
(ব্লাস্ট) সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যসচিব আসমা আক্তার, এডিডির (অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি ডেভলপমেন্ট) সমন্বয়কারী তামজিদা জান্নাতি, জেলা লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান, মহিলা পরিষদের ডিউভি সিকদার প্রমুখ৷
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ আচরণ প্রত্যাশা করা যায় না৷ এ ঘটনায় ওই জনপ্রতিনিধিকে রক্ষার চেষ্টা চলছে৷
টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া আসামি আলীম ও জালালউদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷
গত শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পর্যটন মোটেল মধুমতীতে টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গিমাডাঙ্গা মহল্লার বাসিন্দা লিটন শেখ (৩০), আলীম বিশ্বাস (২৫) ও মোটলের কর্মচারী মো. জালালউদ্দিন (২২) কোটালীপাড়ার এক কলেজছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন৷