নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাউন্সিলের অনুমোদনের দাবিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ফার্মেসি কাউন্সিলের অনুমোদন পাওয়ার দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। তাঁরা দাবি না মানা পর্যন্ত লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচে ২০০৬ সালে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি হন। সাড়ে তিন বছরেও তাঁদের বিভাগ ফার্মেসি কাউন্সিলের অনুমোদন পায়নি। এ বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আর কিছুদিনের মধ্যেই স্নাতক ডিগ্রি অর্জন শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। কর্মক্ষেত্রে তাঁদের পদোন্নতি এবং উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার মতো বিভিন্ন বিষয় ফার্মেসি কাউন্সিলের অনুমোদনের ওপর নির্ভরশীল। শিক্ষার্থীরা আরও জানান, ফার্মেসি কাউন্সিলের অনুমোদন পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ফার্মেসি কাউন্সিলে পাঠানো হয়েছে বলে তাঁদের জানানো হয়। কিন্তু কবে নাগাদ অনুমোদন পাওয়া যাবে তা তাঁদের জানানো হয়নি। এ কারণে তাঁরা আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনের অংশ হিসেবে দাবি আদায়ের জন্য তাঁরা আগামী ২৪ জুন অনুষ্ঠেয় স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।