কাউন্সিলের এক বছরেও বিএনপির পুনর্গঠন হয়নি
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর আজ এক বছর পূর্ণ হলো। ওই কাউন্সিলে দলকে জাগিয়ে তোলার নানা স্বপ্ন দেখিয়েছিলেন দলটির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এক বছরের মাথায় নেতারা বলছেন, পুনর্গঠন দূরে থাক, কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্রটিও এক বছরে প্রকাশ করতে পারেনি দলটি।
দলটির নেতারা বলছেন, ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলের পর ৫০২ সদস্যের ‘ঢাউস’ জাতীয় কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এখন পর্যন্ত নির্বাহী কমিটির সবাইকে একসঙ্গে নিয়ে বসা হয়নি বিএনপির। কাউন্সিলে নেওয়া ‘এক নেতার এক পদ নীতি’ সিদ্ধান্তটিও কার্যকর হয়নি।
দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্ব সামনে আনার লক্ষ্যে আনকোরা নেতাদের অনেককে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। কিন্তু নতুনদের প্রত্যাশা অনুযায়ী সক্রিয় করা যায়নি। দল পুনর্গঠনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। ফলে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান নয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পুরোদমে চলছে। জেলা কমিটি পুনর্গঠন প্রায় ৫০ ভাগ হয়ে গেছে।
বিএনপির সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে দল পুনর্গঠনে নামে বিএনপি। ওই বছরের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন ঠেকাতে ব্যর্থ হওয়ার পর ৪ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে দল পুনর্গঠনের ঘোষণা দেন। এরপর ৩৮ মাস পার হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩টি জেলায় আংশিক কমিটি করা গেছে। এর মধ্যে খণ্ডিত কমিটি নিয়েও স্থানীয় পর্যায়ে ক্ষোভ-অসন্তোষের ঘটনা ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, কাউন্সিলের রেশ ধরে নেতা-কর্মীদের প্রত্যাশামতো দল গোছানো যায়নি। এখনো দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির তিনটি পদ খালি রয়ে গেছে। তাই এই পদে প্রত্যাশিত বা দাবিদার নেতাদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দানা বাঁধছে। কাউন্সিলের চার মাস পর ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ মারা যাওয়ায় আরেকটি পদ খালি হয়।
বিএনপির নেতা-কর্মীদের ধারণা, প্রত্যাশিত পদ না পাওয়ায় শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমানসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আগের মতো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় দেখা যাচ্ছে না।
ষষ্ঠ কাউন্সিলে বিএনপির অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৫৩ জন নেতাকে পদ দেওয়া হয়। সব মিলিয়ে ৫০২ সদস্যের নির্বাহী কমিটি করেও সবাইকে তুষ্ট বা সক্রিয় করা যায়নি। এর মধ্যে বিএনপির গুরুত্বপূর্ণ ছাত্রবিষয়ক সম্পাদক ও সহসম্পাদক পদ দুটি এখনো ফাঁকা রয়েছে।
গত বছরের ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। ওই দিনই খালেদা জিয়া দলের চেয়ারপারসন এবং তাঁর বড় ছেলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। ৩০ মার্চ মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।
কাউন্সিলের এক বছরের মাথায়ও নির্বাহী কমিটির সব সদস্যকে নিয়ে সভা করতে পারেনি বিএনপি। প্রায় এক বছরের মাথায় গত ১১ ফেব্রুয়ারি ৩৭ সদস্যের ভাইস চেয়ারম্যান এবং পরদিন ৭৩ সদস্যের নতুন উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। জানা গেছে, বৈঠকে সদস্যদের বেশির ভাগই অনুপস্থিত ছিলেন।
বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, প্রতি ছয় মাসে অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। যে বছর জাতীয় কাউন্সিল হবে, সে বছর ছাড়া প্রতিবছর অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রথম আলোকে বলেন, ছয় মাস নয়, এক বছরে একবার জাতীয় নির্বাহী কমিটির সভা করার কথা বলা আছে। তিনি বলেন, এক বছর এখনো হয়নি।
জানা গেছে, বারবার তাগিদ দিয়েও ‘এক নেতার এক পদ’ নীতির সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করা যায়নি। কাউন্সিলের পর নতুন কমিটিতে একাধিক পদধারী ৬১ জন নেতা ছিলেন। তাঁরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদের পাশাপাশি জেলা-উপজেলা কমিটি অথবা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন। তাঁদের বেশির ভাগই দলে ‘বড় নেতা’ হিসেবে পরিচিত। সর্বশেষ তাঁরা কোন পদে থাকতে চান, তা ১৬ অক্টোবরের মধ্যে জানাতে বলা হয়েছিল।
দলের কেন্দ্রীয় একজন নেতা বলেন, ৪১ জন নেতা একটি পদ রেখে অতিরিক্ত পদ ছেড়ে দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে তিন-চারজন ছাড়া কেউই পদ ছাড়েননি। মহাসচিব হওয়ার পর গত এপ্রিলে মির্জা ফখরুল ইসলাম কৃষক দল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পদ ছেড়ে দেন। কিন্তু এখন পর্যন্ত কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির ওই দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। ফলে অবস্থা আগের মতোই আছে।
জানতে চাইলে বিএনপির জেলা কমিটি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, এক নেতার এক পদ নীতি কার্যকর শুরু হয়েছে। ১০-১২ জন ছাড়া অন্যরা একটি পদ ছেড়ে দিয়েছেন। শিগগিরই এটি পুরোপুরি কার্যকর হবে।
জানা গেছে, ষষ্ঠ কাউন্সিলে পাস হওয়া সংশোধিত গঠনতন্ত্রটি এখনো ছাপাখানায় যায়নি। এটি ভুলভ্রান্তি সংশোধনীর পর্যায়ে রয়েছে। আরও অন্তত দুই মাস সময় লাগতে পারে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য হিসেবে যতটুক দায়িত্ব ছিল, তা করেছি। ছাপা হয়েছে কি না, জানি না।’
কাউন্সিলের পর এক বছরে দল পুনর্গঠন ও সামগ্রিক রাজনীতিতে বিএনপির অবস্থান সন্তোষজনক বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বিএনপির সভা করতে বাধা, সম্মেলন করতে বাধা—এসবের মধ্যেই সাংগঠনিক পুনর্গঠন চলছে। নানা বাধা-বিপত্তির মধ্যে বিএনপিকে অগ্রসর হতে হচ্ছে।