কাউন্সিলের চার বছর পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। তবে এখনো পূর্ণাঙ্গ কমিটির নাম স্থানীয়ভাবে প্রকাশ না পাওয়ায় কে কোন পদ পেয়েছেন, কারা বাদ পড়েছেন—এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে কানাঘুষা। দলীয় সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় দলের জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর জেলায় আসার পর গত তিন দিন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী কৌতূহলী হয়ে পড়েছেন। প্রকাশ্যে কেউ কিছু বলতে চাইছেন না। তবে দেরিতে হলেও জেলা কমিটির অনুমোদন লাভে দল গতিশীল হয়ে উঠবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন।জানা গেছে, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি স্থানীয় জনমিলনকেন্দ্রে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন হয়। অভ্যন্তরীণ বিরোধের কারণে সম্মেলনের দিন কাউন্সিল সম্পন্ন হতে পারেনি। প্রায় চার মাস পর ওই বছরের ৭ জুলাই সাইফুর রহমান মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সরাসরি ভোটে মো. আব্দুস শহীদ (বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ) সভাপতি ও নেছার আহমদ (সাবেক সাংগঠনিক সম্পাদক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। দলীয় সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ বিরোধ, কাউন্সিলের পরপরই সরকারবিরোধী আন্দোলন শুরু এবং পরবর্তী সময়ে জরুরি আইন জারি হওয়ায় রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন-প্রক্রিয়া পিছিয়ে পড়ে। দল ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে শোনা গেলেও সেটিও বিলম্বিত হয়েছে।জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভায় কমিটি অনুমোদন করা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে এটা আমরা জেনেছি।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন হয়েছে আমিও জানি। কিন্তু এখনো কমিটি হাতে এসে পৌঁছায়নি। খসড়া কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত কাগজপত্র প্রস্তুত করতে আরও দু-এক দিন সময় লাগবে। পূর্ণাঙ্গ কমিটি হাতে এলে সবার প্রতিক্রিয়া বোঝা যাবে।’