তিন বছর আগে কাউন্সিল হলেও জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো আলোর মুখ দেখেনি। এর মধ্যে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের পদটি কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।জেলা বিএনপির সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ নভেম্বর জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপিদলীয় জেলার দুই সাংসদ মোজাহার আলী প্রধান ও গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই অবস্থায় কাউন্সিল অধিবেশন শেষ করে কোনো কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা জয়পুরহাট ত্যাগ করেন।এরপর ২০১০ সালের মাঝামাঝি সময়ে সাংসদ মোজাহার আলী প্রধান ১৫১ সদস্যবিশিষ্ট ও সাংসদ গোলাম মোস্তফা তাঁর মনোনীত একটি কমিটি কেন্দ্রে দাখিল করেন। কেন্দ্র কোনো কমিটির অনুমোদন না দিয়ে ওই বছরের শেষের দিকে মোজাহার আলী প্রধানকে সভাপতি, গোলাম মোস্তফাকে জ্যেষ্ঠ সহসভাপতি ও ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়।জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হাসান জানান, পূর্ণাঙ্গ জেলা কমিটি থাকলে নেতা-কর্মীরা চাঙা হতেন।সাংসদ মোজাহার আলী প্রধান দাবি করেন, জেলার পাঁচ উপজেলায় জেলা বিএনপির অনুমোদিত কমিটি রয়েছে। তবে সাংসদ গোলাম মোস্তফা ওই দাবি নাকচ করে বলেন, আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা কমিটি কেন্দ্রের নির্দেশ মোতাবেক করা হয়েছে ও তা বৈধ। কথিত জেলা কমিটির অনুমোদন দেওয়া কমিটির কোনো বৈধতা নেই। ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (গোলাম মোস্তফা সমর্থিত) ও ক্ষেতলাল পৌরসভার মেয়র আবদুল মান্নান মোল্লা দাবি করেন, তাঁদের কমিটি বৈধ। সাংসদ মোজাহার আলীর কমিটির সাংগঠনিক কোনো তৎপরতা নেই। তবে ক্ষেতলাল উপজেলা বিএনপির অপর অংশের সভাপতি রওনকুল ইসলাম চৌধুরী দাবি করেন, তাঁর কমিটিই বৈধ।