কাউন্সিলের লক্ষ্য হবে ক্ষুধামুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা : শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দল পুনর্গঠন করে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হবে আওয়ামী লীগের কাউন্সিলের লক্ষ্য। গতকাল বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে দলের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দল ঐতিহ্যবাহী দল। আমরা দেশের ও মানুষের জন্য কাজ করি। এই চিন্তাচেতনা থেকেই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।’ তিনি কাউন্সিলের ঘোষণাপত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নকাজ আরও ভালোভাবে ও কীভাবে মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তারই প্রতিফলন ঘটবে এবারের ঘোষণাপত্রে। এবার আরও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে।

সংগঠনের গঠনতন্ত্রে সংশোধনী আনা বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও যুগের প্রয়োজনে গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হচ্ছে। পরিবর্তিত গঠনতন্ত্রে তৃণমূল থেকে কীভাবে সংগঠন গড়ে উঠবে তার কিছু রূপরেখা থাকবে।

জঙ্গিবাদের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘কোনোরকম জঙ্গিবাদ এই বাংলার মাটিতে সহ্য করা হবে না। আর যারা এর আশ্রয়-প্রশ্রয়দাতা, তাদেরও করা হবে বিচারের মুখোমুখি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গি সন্দেহভাজনদের নিহত হওয়া নিয়ে সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব ‘যেকোনো মূল্যে’ রক্ষা করা হবে। তিনি প্রশ্ন করেন, ‘অনেক মানুষের জীবন বাঁচাতে’ সন্ত্রাসীদের আঘাত দেওয়ায় অসুবিধা কোথায়?’