বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানিয়া আফরোজ (ছদ্মনাম)। একটুতেই কান্না পায় তাঁর। কারও সঙ্গে মিশতে ভালো লাগে না। তাঁর ধারণা, চারপাশের পরিবেশ তাঁর জন্য সহায়ক নয়, কেউ তাঁকে ভালোবাসে না। হতাশায় নিজেকে বন্দী করে ফেলেছিলেন নিজের মধ্যে।
গুরুতর এই সমস্যা নিয়ে গিয়েছিলেন মনোরোগ বিশেষজ্ঞের কাছে। কাউন্সেলিংয়ের পর তাঁর সেই হতাশা কেটে গেছে। এখন তিনি স্বাভাবিকভাবে সবার সঙ্গে মিশতে পারছেন, কথা বলছেন। তাঁর জগৎটাই যেন পাল্টে গেছে।
শুধু তানিয়া নন, তাঁর মতো আরও অনেক শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দপ্তরের কাউন্সেলিং প্রোগ্রাম। নানা কারণে হতাশা আর বিষণ্নতায় ভোগা শিক্ষার্থীরা এখানে চিকিৎসা নিচ্ছেন। সুফলও পাচ্ছেন।
শিক্ষার্থীদের অভিমত, তাঁদের মানসিক স্বাস্থ্য দেখভালের জন্য কাউন্সেলিং প্রোগ্রাম নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ কাউন্সেলিং সেন্টারের। তা ছাড়া প্রোগ্রামটি পরীক্ষামূলক হওয়ায় এ সম্পর্কে অবগত নন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বর থেকে শুরু হয়েছে এ কর্মসূচি। সপ্তাহে দুই দিন রোব ও সোমবার বিকেল চারটা থেকে শিক্ষার্থীদের দেওয়া হয় এই সেবা। প্রতি সপ্তাহে গড়ে ৬ থেকে ১০ জন শিক্ষার্থী এখান থেকে সেবা নেন।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার দায়িত্ব পালন করছেন কাউন্সেলিং প্রোগ্রামের। একই বিভাগের প্রভাষক ফারজানা আক্তারও মাঝেমধ্যে সেবা দেন। প্রতিদিন শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টার দপ্তরে নিবন্ধন করেন। এরপর গুরুত্বের ভিত্তিতে শিক্ষার্থীদের ডেকে নিয়ে কাউন্সেলিং সেবা দেওয়া হয়। কিন্তু মাত্র একজন কাউন্সেলর হওয়ায় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
সহকারী অধ্যাপক তানজির আহম্মদ জানান, ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের ওপর পরিচালিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১০ শতাংশ শিক্ষার্থী কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় ভোগেন। কিন্তু কেউই এ সমস্যাকে গুরুত্ব দেন না। তবে এই মৃদু সমস্যা একসময় গুরুতর সমস্যা হিসেবে দেখা দেয় অনেকের কাছে। শারীরিক স্বাস্থ্যকে যতটা গুরুত্ব দেওয়া হয়, মানসিক স্বাস্থ্যকে তেমন গুরুত্ব দেওয়া হলে এ পরিস্থিতির অনেক উন্নতি হতো।
গত ৩০ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুব্রত কুমার নগরের আলুপট্টি এলাকায় একটি মেসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর পরিবার, পুলিশ ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র শূন্য দশমিক ৫ নম্বরের জন্য তিনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি। ফলিত গণিত বিভাগে ভর্তি হয়ে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় একটি কোর্সে খারাপ করায় তিনি আরও হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচ বছরে এই বিশ্ববিদ্যালয়ের আরও আট শিক্ষার্থী আত্মহত্যা করেন।
তানজির আহম্মদ বলেন, অনেক শিক্ষার্থী সম্পর্কের ভাঙন থেকে হতাশায় ভোগেন। কেউ আবার অনেক পড়াশোনা করেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারেন না। এ ছাড়া পছন্দের বিষয়ে ভর্তি হতে না পেরে বিষণ্নতায় ভোগা, মাদকাসক্তি, পারিবারিক দ্বন্দ্ব, অর্থনৈতিক সমস্যা, ক্যারিয়ার প্ল্যানিংসহ নানা সমস্যায় ভোগেন শিক্ষার্থীরা। এসব সমস্যা থেকে কেউ কেউ আত্মহত্যার সিদ্ধান্তও নেন। কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের সেখান থেকে ফিরিয়ে আনা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা চিন্তা করে ২০১৪ সালে ছয় মাসের জন্য পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হয়। প্রথম ছয় মাসে অনেক সাড়া পাওয়ার পরও কর্মসূচির মেয়াদ দুই দফায় আরও ছয় মাস বাড়ানো হয়। এখন চেষ্টা চলছে কর্মসূচিটিকে স্থায়ী রূপ দিয়ে একটি পূর্ণাঙ্গ কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠার। তিনি বলেন, পরীক্ষামূলক কর্মসূচি হওয়ায় একসঙ্গে অনেক শিক্ষার্থীর সেবা দেওয়ার সুযোগ ছিল না। তাই তেমন প্রচার করা হয়নি।
যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের পাশে একটি ভবন সংস্কার করে সেখানে পূর্ণাঙ্গ কাউন্সেলিং সেন্টার করার চিন্তাভাবনা চলছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক থাকবেন। কাউন্সেলিংয়ের জন্য বিশেষজ্ঞ থাকবেন। ওষুধ সরবরাহেরও ব্যবস্থা থাকবে।