কাউসারের ১০ দিনের রিমান্ডের আবেদন
নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহদাত-ই-আল হিকমার প্রধান সৈয়দ কাউসার হুসাইন সিদ্দিকীর ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার তাঁকে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে প্রতারণার অভিযোগে গত মঙ্গলবার রাতে তাঁর বিরুদ্ধে রাজশাহী নগরের রাজপাড়া থানায় মামলা হয়। মামলাটি করেন নগরের সুলতানাবাদ এলাকার আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ জনি। মামলার এজাহারে জানা যায়, জনি স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দেখে পিয়ন পদে চাকরির জন্য ১৫ জুলাই নগরের ডিঙ্গাডোবা (নিমতলা) এলাকার কথিত হিমালয় বেভারেজ কোম্পানির প্রধান কার্যালয়ে যান। সেখানে কাউসারের সঙ্গে তাঁর কথা হয়। কাউসার চাকরির জন্য ৭০ হাজার টাকা জামানত দাবি করেন। পরের দিন জনি ওই পরিমাণ টাকা ও কাগজপত্র নিয়ে পুনরায় সেখানে যান। টাকা-পয়সা ও কাগজপত্র বুঝে নেওয়ার পর কাউসার ১৯ জুলাই তাঁকে দেখা করতে বলেন। কথামতো ওই দিন সেখানে গেলে, কোম্পানি চালু হতে দেরি হবে—এ কথা বলে জনিকে পরে যোগাযোগ করতে বলেন কাউসার। কথায় সন্দেহ হলে জনি টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে কাউসার এবং তাঁর সহযোগী বাবলু আকন্দ জনিকে মারধর করতে উদ্যত হন এবং জ্বলন্ত হিটারের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। কোনোক্রমে আত্মরক্ষা করে তিনি সেখান থেকে চলে আসেন। জনি জানান, নিরাপত্তার কারণে এত দিন তিনি মামলা করতে সাহস পাননি। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, জনির কাছ থেকে জামানতের টাকা নেওয়ার কথা স্বীকার না করলেও অন্য একজনের কাছ থেকে নেওয়ার কথা স্বীকার করেছেন কাউসার। তিনি জানান, তাঁকে রাজশাহী জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তাঁর রিমান্ড শুনানির কথা রয়েছে। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।রাষ্ট্রদ্রোহ মামলায় পলাতক থাকায় আদালত ২০০৮ সালের ১০ জুলাই কাউসারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি।