কাউয়াদিঘির পানিতে তলিয়ে আছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিঘি হাওরের পানি বেড়ে যাওয়ায় দেড় মাস ধরে উপজেলার জগৎপুর-অন্তেহরি সড়ক পানিতে তলিয়ে আছে। এতে দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার কিলোমিটার দীর্ঘ সড়কটি কাউয়াদিঘি হাওরপারের গ্রামবাসীর চলাচলের প্রধান মাধ্যম। সড়কটি দিয়ে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের জগৎপুর, দুর্গাপুর, বানেশ্রী, কাদিপুর, জুমাপুর, মীরপুর এবং রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মজেফরপুর, অন্তেহরি, কাশিমপুর, সোনাপুরসহ কাউয়াদিঘি হাওরের পশ্চিমাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করে। শুকনো মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানের বিটুমিন ও ইটের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছিল অসংখ্য ছোট-বড় গর্ত। অনেক স্থানে রাস্তার পাশের মাটি ধসে পড়েছিল। তখনই বেশ কষ্ট করে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হতো। আর এখন বৃষ্টি ও উজানের পানিতে প্রায় দেড় মাস ধরে সড়কটি পানিতে তলিয়ে আছে। ফলে ভোগান্তির মাত্রা আরও বেড়েছে।
গত শুক্রবার সরেজমিন দেখা যায়, চার কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশই পানিতে তলিয়ে আছে। স্থানভেদে পানির উচ্চতা এক থেকে চার ফুট। অনেক স্থান কচুরিপানায় ঢেকে আছে। সড়কে যানবাহন নেই বললেই চলে।
অন্তেহরি বাজারে নিজের ফার্মেসিতে বসে মঞ্জু চক্রবর্তী বলেন, ‘রাস্তার বেশির ভাগ অংশই ভাঙাচোরা। সেটাও এখন পানির নিচে। বছরে প্রায় আড়াই থেকে তিন মাস সড়কটি পানির নিচে থাকে। ১০ টাকার জিনিস আনতে এখন ৩০০ টাকা খরচ করতে হয়। সড়কটির এমন অবস্থার কারণে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অনেকে শহরে ভাড়া বাসায় থাকছেন। রাস্তার দুর্ভোগ যে কী, তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি।’
ফতেহপুর ইউপির চেয়ারম্যান নকুল দাশ বলেন, ‘স্থানীয় সাংসদের সহায়তায় সড়কটিতে আমরা গাইড ওয়াল দেওয়ার চেষ্টা করছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. আবদুল বারিক বলেন, সড়কটির একপাশে হাওর। উচ্চতা কম হওয়ায় প্রতি বছরই রাস্তার কিছু অংশ ডুবে যায়। ঢেউয়ে ভেঙে যায়। এটি মেরামত করে কোনো লাভ হবে না। রাস্তাটি উঁচু করতে হবে। টেকসই কাজের জন্য রাস্তাটিকে সিলেট বিভাগ উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি পাস হলে আগামী শুকনো মৌসুমে কাজ শুরু হতে পারে।