কাওড়াকান্দি ফেরিঘাটে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌপথের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে আজ শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরপর দুই দিনের হরতাল, ঈদ শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়ে যাওয়া ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিআইপি যাত্রীদের পারাপার বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সকালে সরেজমিনে দেখা যায়, কাওড়াকান্দি ফেরিঘাটে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তিন-চার দিন ধরে পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় কাওড়াকান্দি ঘাটে আটকা পড়েছে। ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার আগে যাত্রীরা নেমে হেঁটে ঘাট এলাকায় যাচ্ছেন। গরমে দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী বাসের যাত্রীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক বৃদ্ধ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন। রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে আছে।

কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, ঈদের সময় সব ধরনের ট্রাক পারাপার বন্ধ ছিল। এ জন্য ঘাটে ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। ঘাটে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। দেখা দিয়েছে যানজট। ১৫ আগস্ট উপলক্ষে ভিআইপি যাত্রী বেশি পারাপার হয়েছেন। ফেরিগুলো বেশির ভাগ সময় তাঁদের পারাপারে ব্যস্ত ছিল। এ ছাড়া পরিবহন ও যাত্রীর তুলনায় ফেরির সংখ্যা কম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট কর্মকর্তারা জানান, মাওয়া থেকে কাওড়াকান্দি ঘাটের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় ফেরিগুলোকে তীব্র স্রোতের প্রতিকূলে যেতে হয়। সব মিলিয়ে যানজট তীব্র হয়েছে বলে তাঁরা জানান।

পিরোজপুর থেকে আসা ফাল্গুনী পরিবহনের যাত্রী সজীব, সোনিয়া, নিপাসহ বেশ কয়েকজন জানালেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁরা ঘাটে যান। আজ বেলা ১১টা পর্যন্ত তাঁরা ফেরির সিরিয়াল পাননি। তাঁরা রাতভর নিরাপত্তাহীনতায় ভুগেছেন বলে জানালেন। বাড়তি টাকা না থাকায় অনেকেই খাবারের সমস্যায় ভুগছেন। প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তাঁরা অভিযোগ করেন।

পটুয়াখালী থেকে আসা অ্যাম্বুলেন্সচালক সুজন মিয়া বলেন, ‘ঘাটের সমস্যা এখন আমাদের জন্য মহাদুর্যোগে পরিণত হয়েছে। ঘাট এলাকার দুই কিলোমিটার পথ আসতেই এক ঘণ্টা লাগল। আমার গাড়ির রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখনো ফেরিতে উঠতে পারিনি।’

ট্রাকচালক নূর মিয়া বলেন, ‘আজ ছয় দিন ধরে ঘাটে আসছি। এখনো ফেরির লাইন পাইনি। ঘাটে কিছু অসাধু লোক টাকা খেয়ে আগে সিরিয়াল দিয়ে দেয়।’

বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক এম এ বাতেন মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, পরপর দুই দিনের হরতাল, ঈদ শেষে রাজধানীমুখো মানুষের অতিরিক্ত চাপ ও জাতীয় শোক দিবস উপলক্ষে  নেতা-কর্মীদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাতায়াত—ইত্যাদি কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক নূর-উর রহমান বলেন, ঘাটে গাড়ি ও যাত্রীর সংখ্যা এতই বেশি যে, প্রশাসনের নেওয়া ব্যবস্থা অপ্রতুল। তাই একটু সমস্যা হচ্ছে বলে তিনি স্বীকার করলেন। তবে আজকের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।