সিরিয়াল ভাঙার জেরে মালিক সমিতির ধর্মঘট
কাওড়াকান্দি-মাওয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের মাওয়া নৌপথে গতকাল শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে সিরিয়াল না মেনে কাওড়াকান্দি ঘাট থেকে একটি লঞ্চ মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অভিযোগে লঞ্চ মালিক সমিতি আকস্মিকভাবে ধর্মঘটের ডাক দেয়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পবিত্র রমজানে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।
ঘাট ও লঞ্চমালিক সূত্রে জানা গেছে, লঞ্চঘাটের নিয়ম অনুযায়ী সিরিয়াল মেনে লঞ্চ চালাতে হয়। কিন্তু গতকাল শনিবার সকালে লঞ্চমালিক ইয়াকুব ব্যাপারীর মালিকানাধীন শাহ পরান নামের একটি লঞ্চ সিরিয়াল না মেনে কাওড়াকান্দি থেকে যাত্রী ওঠায় এবং মাওয়ার উদ্দেশে রওনা দেয়। এর প্রতিবাদে লঞ্চ মালিক সমিতির অন্য সদস্যরা ধর্মঘট ডেকে তাঁদের লঞ্চ চলাচল বন্ধ করে দেন। ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এ অবস্থায় ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রী বেশি টাকা দিয়ে স্পিডবোট বা ট্রলারে নদী পারাপার হচ্ছে। অনেকে ফেরিতে পার হচ্ছে।
রব মিয়া, জসীম, রাজুসহ বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, লঞ্চ বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে স্পিডবোট, ট্রলারের মতো বিকল্প পন্থায় তাঁদের নদী পার হতে হচ্ছে।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবদুর রউফ বলেন, কাওড়াকান্দি ঘাট থেকে শাহ পরান লঞ্চটি রুট পারমিট না নিয়ে ও অন্য মালিকদের লঞ্চের সিরিয়াল ভেঙে যাত্রী ওঠায় এবং মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। এটা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে সংশ্লিষ্ট লঞ্চমালিক এ কাজ করার প্রতিবাদে উভয় ঘাটের লঞ্চমালিকেরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। ওই ঘটনায় শাস্তি না হওয়া পর্যন্ত লঞ্চমালিকেরা লঞ্চ চলাচল বন্ধ রাখবেন।
অভিযোগের ব্যাপারে ইয়াকুব ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তবে ইয়াকুব ব্যাপারীর চাচাতো ভাই ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি আতাহার ব্যাপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।