দেশের গুরুত্বপূর্ণ কাওড়াকান্দি-মাওয়া নৌপথে দীর্ঘ ১২ দিন পর গতকাল সোমবার থেকে লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে লঞ্চ মালিক সমিতি। এদিকে এক সপ্তাহ ধরে অপর গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় ঘাটে যে দীর্ঘ যানজট লেগে ছিল, আপাতত তারও অবসান ঘটেছে।
দক্ষিণাঞ্চলের ২১ জেলার দূরপাল্লার কোনো বাস রোববার সকাল থেকে ৭২ ঘণ্টার জন্য ফেরিতে পারাপার না করার সিদ্ধান্তের কারণে গাড়ির চাপ কমে যাওয়ায় ঘাট দুটি যানজটমুক্ত রয়েছে। দৌলতদিয়া চ্যানেলে নাব্যতার সংকটের কারণে ওই যানজট দেখা দিয়েছিল। প্রথম আলোর শিবচর (মাদারীপুর) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধির পাঠানো খবর:
কাওড়াকান্দি-মাওয়া নৌপথে গতকাল সকাল থেকে আবারও লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে লঞ্চ মালিক সমিতি। তবে গত এক মাসে পথটিতে ৮৬টি লঞ্চের মধ্যে ৩১টির চলাচল অনুমতি (রুট পারমিট) স্থগিত করায় বিপাকে পড়েছেন লঞ্চমালিকেরা। এ জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
লঞ্চমালিকদের অভিযোগ, বিআইডব্লিউটিএ বিভিন্ন কারণ দেখিয়ে তাদের ইচ্ছামতো ওই লঞ্চগুলোর রুট পারমিট স্থগিত করেছে।
বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি ও ঘাট সূত্র জানায়, ঢাকায় রোববার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর সভাকক্ষে কর্তৃপক্ষ ও লঞ্চ মালিক সমিতির সমঝোতা বৈঠক হয়। বৈঠকে গতকাল (সোমবার) সকাল থেকে লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শাহ পরান লঞ্চটি আপাতত তিন দিন ঘাটে থাকবে। পরে অন্য লঞ্চের মতো ঘাটের সিরিয়াল মেনে চলাচল করতে পারবে। আর যেসব লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিআইডব্লিউটিএর শর্ত পূরণ করলে সেগুলোর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হবে।
সমঝোতা বৈঠকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার সামছুদ্দোহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট কাওড়াকান্দি ঘাট থেকে মালিক সমিতিবহির্ভূত ইয়াকুব ব্যাপারির এমভি শাহ পরান নামের একটি লঞ্চ মাওয়া ঘাটে গেলে ভাঙচুর চালিয়ে সেটি আটকে রাখা হয়। এর দুই কর্মচারীকেও মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
যানজটমুক্ত দৌলতদিয়া-পাটুরিয়া: এদিকে নাব্যতার সংকটে এই নৌপথে প্রায় এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বিঘ্নিত থাকার কারণে দুই ঘাটে যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, তা আর নেই। রোববার সকাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ফেরি পারাপারের কোনো গাড়ি ঘাটে না আসায় সাময়িকভাবে ওই যানজটের অবসান হয়েছে। অন্যদিকে বিকল হয়ে পড়া দুটি বড় ফেরি গতকাল ডকইয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও ঘাট সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ে শনিবার রাতে দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল থেকে কোনো যাত্রীবাহী গাড়ি ফেরিতে পারাপার করা হচ্ছে না।