কাওড়াকান্দিতে-শিমুলিয়া নয় ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গত রোববার দিবাগত রাত দুইটা থেকে গতকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝনদীতে ৪০টির মতো গাড়ি নিয়ে আটকা পড়ে তিনটি ফেরি। এতে ঘাটের দুই পাশে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা কাটার আগ পর্যন্ত লঞ্চ এবং স্পিডবোটের চলাচলও বন্ধ রাখা হয়। বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, বেলা ১১টার দিকে কুয়াশা কাটার পর ফেরি, লঞ্চ এবং স্পিডবোটসহ সব নৌযান চলাচল শুরু হয়। মাঝনদীতে নোঙর করে রাখা ফেরি তিনটিও গন্তব্যে ছেড়ে যায়।

সাড়ে নয় ঘণ্টা পর এমভি আঁচল-৪ মুক্ত: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর ইসমানির চরে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ার সাড়ে নয় ঘণ্টা পর এমভি আঁচল-৪ নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে নদীতে জোয়ার শুরু হলে লঞ্চটি চর থেকে মুক্ত হয়।গতকাল ভোরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি আঁচল-৪ নামের লঞ্চটি গজারিয়ায় পৌঁছে ঘন কুয়াশার কারণে ইসমানিরচর চরে আটকে যায়। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দুইটায় জোয়ার শুরু হলে লঞ্চটি চর থেকে ছাড়া পায়।