কাওরাকান্দি ঘাটে ঢাকাগামী মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তাই আবারও মানুষের ঢল নেমেছে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি ঘাটে।লঞ্চ, ট্রলার ও স্পিডবোটে গাদাগাদি করে ঝুঁকিপূর্ণভাবে পদ্মা পার হয়ে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে যাচ্ছে বহু মানুষ। কাওরাকান্দি লঞ্চঘাট সূত্র জানায়, নাব্যতাসংকট ও ডুবোচরের কারণে ফেরিগুলো বারবার আটকা পড়ায় যাত্রীরা ফেরিতে না উঠে লঞ্চ, ট্রলার ও স্পিডবোটেই পদ্মা পাড়ি দিচ্ছে। লঞ্চগুলো ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করছে। এদিকে স্পিডবোট মালিকেরা ১২০ টাকার ভাড়া বাড়িয়ে প্রতি যাত্রীর কাছ থেকে ১৫০ টাকা আদায় করছেন। বিষয়টি টের পেয়ে প্রশাসন আগের ভাড়া বহাল রাখতে বললে স্পিডবোট মালিকেরা যাত্রী পারাপারই বন্ধ করে দেন। সরেজমিনে দেখা গেছে, কাওরাকান্দি ঘাট থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় মাওয়া পারের স্পিডবোট চালকেরা মাঝ নদীতে এগিয়ে এসে যাত্রী তুলছেন। চলন্ত লঞ্চ থেকেই যাত্রী উঠিয়ে নিচ্ছেন তাঁরা। তাড়াহুড়ো করতে গিয়ে যাত্রীরাও ঝুঁকি নিয়ে স্পিডবোটে উঠছে।এদিকে কাওরাকান্দি ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের দিকের স্পিডবোট চালকদের বাড়তি ভাড়া নিতে নিষেধ করায় কিছু স্পিডবোট মালিক হঠাৎ করেই যাত্রী পারাপার বন্ধ করে দেন। এই সুযোগে ওপারের স্পিডবোটগুলো ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার শুরু করেছে। তবে আমাদের সঙ্গে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া স্পিডবোট মালিকদের কথা হয়েছে। তাঁরা প্রশাসন-নির্ধারিত ১২০ টাকা করেই যাত্রী পারাপার করতে সম্মত হয়েছেন। অচিরেই এ সমস্যা কেটে যাবে।’