কাওরাকান্দি-মাওয়া নৌপথে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওরাকান্দি-মাওয়া নৌপথে পদ্মা নদী পারাপারের সময় একটি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীবেশে ট্রলারে উঠে সাধারণ যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও মালামাল লুটে নেয়। গত সোমবার রাতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের কোপে ১০ যাত্রী আহত হয়। এ ঘটনায় ট্রলারচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহত যাত্রী, শিবচর ও লৌহজং থানার পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে আনুমানিক ১৫০ থেকে ২০০ যাত্রী নিয়ে ট্রলারটি মাওয়া ঘাট থেকে কাওরাকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রলার ছাড়ার প্রায় ২০ মিনিট পরই ডাকাতেরা যাত্রীদের ওপর চড়াও হয় এবং লুটপাট চালায়। ডাকাতেরা প্রায় ১৫০টি মুঠোফোন, নগদ ৪৫ লাখ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়। পরে পদ্মার মাঝে জেগে ওঠা চরে যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রলার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। খবর পেয়ে রাত প্রায় ১১টার দিকে ট্রলার পাঠিয়ে আহতসহ সব যাত্রীকে কাওরাকান্দি ঘাটে আনা হয়।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল হক জানান, নদীর মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক শিবচর থানার পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘাটে পৌঁছে। পরে শিবচর থানার পুলিশ চরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। মাদারীপুরের পুুলিশ সুপার মো. নজরুল হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ পর্যন্ত ট্রলারচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।