কাওরাকান্দি-মাওয়া নৌপথে ৯ ঘণ্টা স্পিডবোট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া পারের স্পিডবোট-চালকেরা কাওরাকান্দির চার চালককে মারধর করলে গতকাল বুধবার সকাল থেকে কাওরাকান্দি-মাওয়া পথে নয় ঘণ্টা বোট চলাচল বন্ধ থাকে।ঘাটের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে মাওয়া ঘাটে স্বাস্থ্যবান তিন যাত্রী এলে লাইনে থাকা মাওয়ার স্পিডবোটগুলো তাঁদের ওঠাতে অস্বীকৃতি জানায়। কাওরাকান্দির চালকেরা এ ঘটনার প্রতিবাদ করলে মাওয়ার শ্রমিকেরা হামলা চালিয়ে ইউসুফ, রাজীব, দেলোয়ার ও ফরহাদ নামে চার চালককে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দির স্পিডবোট মালিক-শ্রমিকেরা চার শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ করে দেন। সকালে লৌহজংয়ের মাওয়া ঘাট থেকে বেশ কয়েকটি স্পিডবোট ছেড়ে এলেও কাওরাকান্দির শ্রমিকেরা যাত্রী নামতে বাধা দেন। এ সময় মাওয়ার একটি স্পিডবোট আটকে রাখেন কাওরাকান্দির চালকেরা। খবর পেয়ে উভয় ঘাটেই পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে মাওয়া ঘাটে উভয় পারের মালিক-শ্রমিকদের মাঝে সমঝোতা হলে বেলা তিনটা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়। সমঝোতা অনুযায়ী এখন থেকে উভয় পারেই তাঁদের নিজস্ব ৭০টি স্পিডবোট চলার পর অন্য পারের স্পিডবোট সিরিয়াল পাবে। মাওয়া নৌ-ফাঁড়ির আইসি মো. তরিকুল ইসলাম বলেন, একটি লিখিত চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতার পর স্পিডবোট চলাচল শুরু হয়েছে।