কাওরাকান্দি-মাওয়া রুটে ফেরি চলাচল ১১ ঘণ্টা বন্ধ
মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি-মাওয়া নৌপথে গত শুক্রবার সন্ধ্যায় একটি ফেরি ডুবোচরে আটকে সব ফেরি চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম দুর্ভোগে পড়ে।বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় মাওয়া থেকে ছেড়ে আসা কে-টাইপ ফেরি কাকলী রানিং চ্যানেলের কাউনিয়ারচর এলাকায় ২০টি যানবাহন নিয়ে আটকে যায়। সরু চ্যানেলে ফেরি আটকে গেলে রুটের অন্য সব ফেরি চলাচলও বন্ধ হয়ে পড়ে। দুটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি নদীর মধ্যে নোঙর করে থাকে। এসব ফেরিতে দেড় শতাধিক যানবাহন ছিল। অনেক যাত্রী দীর্ঘসময় অপেক্ষা করে পরে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প নৌযানে করে নদী পার হয়। গতকাল ভোর পাঁচটার দিকে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া ফেরিটিকে উদ্ধার করলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাট ব্যবস্থাপক বাতেন মিয়া জানান, জোয়ার থাকলে ফেরি চলাচলে তেমন সমস্যা হয় না। কিন্তু ভাটার সময় ফেরিগুলো প্রায়ই ডুবোচরে আটকা পড়ে।