কাওরাকান্দি-মাওয়া রুটে ফেরি চলাচল ১১ ঘণ্টা বন্ধ, যানজট
ঢাকা-খুলনা মহাসড়কের কাওরাকান্দি-মাওয়া নৌ-রুটে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মা নদীর উভয় পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে কোরবানির পশুবাহী ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুই দফায় ফেরি চলাচল বন্ধ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানিয়েছে, কাওরাকান্দি থেকে নয়টি যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরি শাহ মখদুম গত বুধবার সন্ধ্যা ছয়টায় রানিং চ্যানেলের কাউনিয়ারচর এলাকার একটি ডুবোচরে আটকে যায়। সরু চ্যানেল দিয়ে পাশাপাশি দুটি ফেরি চলাচল সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ অন্য সব ফেরি চলাচল বন্ধ করে দেয়। চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। রাত ১০টার পর ফেরি চলাচল স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় মাওয়া থেকে ২৮টি গাড়ি নিয়ে ফেরি ভাষাশহীদ বরকত একই স্থানে অর্থাৎ কাউনিয়ারচর এলাকার ডুবোচরে আটকা পড়ে। আবার বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। দুপুর ১২টা নাগাদ সেটিকে ডুবোচর থেকে ছাড়ানো সম্ভব হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলাচল বন্ধ থাকার কারণে ভাষাশহীদ বরকত ছাড়াও টাবলো, কিশোরী, রামশ্রী ও যশোর নামের চারটি ফেরি শতাধিক যানবাহন নিয়ে মাঝনদীতে ভাসতে থাকে। দুই পাড়ে মহাসড়কে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী গরুবোঝাই ট্রাকসহ বহু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে যেসব পাইকারি ব্যবসায়ী ট্রাক বোঝাই করে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন, তাঁরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। এ ছাড়া সাধারণ যাত্রীরাও দুর্ভোগের শিকার হয়েছে। মাঝেমধ্যে ঘাটে নদী পার হওয়া নিয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে ঘাটকর্মীদের বচসা হয়েছে।কাওরাকান্দি ঘাটে যানজটে আটকে পড়া গরু ব্যবসায়ী আবদুল মালেক মিয়া বলেন, ‘কবে যে পদ্মা পার হইতে পারব জানি না। গরুর খাবারও শ্যাষ। এখন কী করব বুঝতে পারতেছি না।’ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসাদ জানান, বারবার ফেরি বন্ধ হওয়ায় ঘাটে অনেক গাড়ি জমে যাচ্ছে। ফলে মহাসড়কের যানজট সামাল দিতে তাঁদের বেগ পেতে হচ্ছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (মাওয়া জোন) মো. আশিকুর রহমান বলেন, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে সেখানে তাঁরা শিগগিরই ড্রেজিং করবেন।