কাওরাকান্দি-মাওয়ার হাজরা চ্যানেলে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতাসংকটের কারণে গত শুক্রবার সকাল থেকে কাওরাকান্দি-মাওয়া নৌপথের হাজরা চ্যানেল দিয়ে ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১০ কিলোমিটার পথ বেশি ঘুরে নাওডুবা-মাগুরখণ্ড চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কয়েক মাস আগেই সাত কোটি টাকা ব্যয়ে হাজরা-চরজানাজাত-মাওয়া চ্যানেল থেকে পলি অপসারণ করা হয়।বিআইডব্লিউটিএ বন্দর সূত্র জানায়, গত সেপ্টেম্বরে হাজরা-চরজানাজাত-মাওয়া চ্যানেলের ছয় লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়। এতে নৌপথটির দূরত্ব দাঁড়িয়েছিল ১৪ কিলোমিটার। সম্প্রতি পানি কমে যাওয়ায় ও নদীতে প্রচুর স্রোত থাকায় অতিরিক্ত পলি পড়ে চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল আটটার দিকে রো রো ফেরি শাহ মখদুম, ভাষাশহীদ বরকত ও কিশোরী ফেরি শতাধিক যানবাহন নিয়ে কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিগুলো হাজরা চ্যানেলে ডুবোচরে আটকে যায়। এরপর থেকেই গুরুত্বপূর্ণ ওই নৌপথ দিয়ে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুটি জাহাজ গিয়ে শুক্রবার বেলা দুইটার দিকে ফেরিগুলো উদ্ধার করে। বিআইডব্লিউটিসি সূত্র আরও জানায়, হাজরা চ্যানেলটি বন্ধ হওয়ায় বর্তমানে মাওয়া-পালেরচর-মঙ্গলমাঝি চ্যানেল দিয়ে প্রায় ১০ কিলোমিটার নৌপথ বেশি ঘুরে নদী পার হতে হচ্ছে। আগে যেখানে নদী পার হতে দেড় থেকে দুই ঘণ্টা লাগত, এখন সেখানে এক ঘণ্টা বেশি লাগছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ফেরির ইনচার্জ বলেন, আগের চেয়ে প্রায় এক ঘণ্টা সময় বেশি লাগছে। এ ছাড়া তেলখরচও বেড়ে গেছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে পদ্মার পানি একটু কমেছে। এ ছাড়া হাজরা ক্রুক চ্যানেলের কাছে প্রচুর স্রোত থাকায় পলি পড়ে চ্যানেলটি আটকে গেছে। বর্তমানে নাওডুবা-মাগুরখণ্ড চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ড্রেজার এনে আজ (শনিবার) থেকে মাটি কাটা শুরুর কথা ছিল। কিন্তু ড্রেজার না আসায় তা সম্ভব হয়নি।’ ৮-১০ দিনের মধ্যে হাজরা চ্যানেলটি চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।