সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. হারুন-উর-রশিদ হত্যা মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসার আহমদকে (২৬) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে কাওসারকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মহিদুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, সকাল নয়টায় সিলেটের মুখ্য বিচারিক হাকিম মো. আমিরউদ্দিনের আদালতে হাজির করা হয় কাওসারকে। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে কাওসারের শারীরিক অবস্থার কথা জানিয়ে রিমান্ডের বিরোধিতা করেন তাঁর পক্ষের আইনজীবীরা। শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে সেখান থেকে কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়। সিআইডির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, সিআইডি কার্যালয়ে বিকেল থেকে কাওসারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত ২১ মার্চ কলেজ থেকে বাসায় যাওয়ার পথে সিলেট নগরের গৌড়গোবিন্দ টিলার পাশে শিক্ষক মো. হারুন-উর-রশিদ খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক আল-আজিজ চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দাযের করেন। গত ২৪ নভেম্বর সিলেট র্যাব-৯-এর সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রাম থেকে কাওসারকে গ্রেপ্তার করেন।