কাওসারকে সিআইডির কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. হারুন উর-রশিদ হত্যা মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসার আহমদকে (২৮) গতকাল বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার সিলেট র‌্যাব-৯-এর সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রাম থেকে কাওসারকে গ্রেপ্তার করেন। বুধবারই তাঁকে ঢাকায় পাঠানো হয়।সিআইডি সূত্র জানায়, কাওসারকে র‌্যাব গতকাল সকালে সিআইডির কাছে হস্তান্তর করে। সিলেটে সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম আদালতের মাধ্যমে কাওসারকে কারাগারে পাঠান।সূত্র জানায়, র‌্যাবের কাছে জিজ্ঞাসাবাদে শিক্ষক মো. হারুন উর-রশিদকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন কাওসার। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে সিআইডিকে বিশেষভাবে জানানো হয়। সিআইডি কাওসারের স্বীকারোক্তি ১৬৪ ধারায় জবানবন্দি আকারে রেকর্ড করতে তাঁকে রিমান্ডে নেওয়ারও প্রস্তুতি নেয়। কিন্তু কাওসারের শারীরিক অবস্থা খারাপ থাকায় বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। গত ২১ মার্চ কলেজ থেকে বাসায় যাওয়ার পথে সিলেট নগরের গৌড়গোবিন্দ টিলার পাশে শিক্ষক মো. হারুন উর-রশিদ খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক আল-আজিজ চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।গতকাল বিকেলে শিক্ষকের স্ত্রী আফরোজা হারুন প্রথম আলোকে বলেন, ‘র‌্যাবের কাছে অকপটে খুনের ঘটনা স্বীকার করে আসামি (কাওসার)। ঢাকায় সংবাদ সম্মেলনে স্বীকারোক্তিমূলক কথাবার্তা বলার সময় তাঁকে পুরোদস্তুর সুস্থ দেখা গেছে। অথচ র‌্যাবের কাছ থেকে সিআইডির কাছে হস্তান্তরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কাওসারের গুরুতর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।’ এ ব্যাপারে জানতে চাইলে সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম কাওসারের শারীরিক অবস্থার ব্যাপারে কোনো মন্তব্য না করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি স্পর্শকাতর ও আলোচিত হওয়ায় তদন্তের প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আর রিমান্ডে নেওয়া হবে না। অন্যথায় আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয় দুটি বিবেচনা করা হচ্ছে।’সংশোধনী: গতকাল প্রকাশিত এ-সংক্রান্ত সংবাদে র‌্যাব-৯-এর জনসংযোগ বিভাগে কর্মরত সুমন বড়ুয়ার পদবি ভুলবশত ক্যাপ্টেন ছাপা হয়েছে। তিনি উপপরিদর্শক পদে কর্মরত রয়েছেন।