কাওড়াকান্দি ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটে যাত্রীদের কাছ থেকে টোল আদায়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। টোল আদায়ের দায়িত্বে জেলা পরিষদ থাকলেও আগের ইজারাদারের লোকজন এ টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১২ জুলাই দুপুরে সরেজমিনে কাওড়াকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, আগের ইজারাদার আবদুল হাই শিকদারের লোকজন টাকা আদায় করছেন। নামে মাত্র জেলা পরিষদের একজন কর্মচারী ঘাটে বসে আছেন। এ ঘাটে প্রত্যেক যাত্রীর কাছ থেকে টোল হিসেবে তিন টাকা নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে পাঁচ থেকে আট টাকা। আবদুল হাই শিকদার দাবি করেন, তাঁর লোকজন শুধু তাঁদের সহযোগিতা করছেন। তবে বাড়তি টাকা আদায় করা হচ্ছে না। মাদারীপুর জেলা পরিষদের প্রধান অফিস সহকারী ইয়াসমিন আক্তার বলেন, ‘আগের ইজারাদারের লোকদের সহায়তায় আমাদের লোকেরা টোল আদায় করেন। তবে আমাদের লোক চলে আসার পরে সন্ধ্যার পরে স্থানীয় লোকজন বাড়তি টাকা আদায় করতে পারে। সেটা আমরা জানি না।’