কাওড়াকান্দি পাটুরিয়া দৌলতদিয়ায় যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও যমুনা নদীতে হঠাত্ করে পানি বাড়ার কারণে দুটি ঘাট সরে যাওয়ায় পারাপার বিঘ্নিত হয়ে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে আটকা পড়েছে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক। একই কারণে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে যান চলাচলে বিঘ্ন ঘটছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মানিকগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী): পদ্মা ও যমুনায় হঠাত্ করে পানি বাড়ায় গত বৃহস্পতিবার রাতে দৌলতদিয়ার ২ ও ৩ নম্বর ঘাট বন্ধ হয়ে যায়। ১ নম্বর ঘাট দিয়ে কোনো রকমে যানবাহন পারাপার চালু রাখা হয়। এ কারণে বৃহস্পতিবার রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার বিঘ্নিত হতে থাকে। পারের জন্য আসা যানবাহন আটকা পড়ে ওই রাতেই উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার পর পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট ছেড়ে যানজট বিস্তৃত হয়ে পড়ে ঢাকা-আরিচা ও গেয়ালন্দ-ফরিদপুর মহাসড়কে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৩০০ ট্রাক, ৩০০ বাস ও ১০০ ছোট গাড়ি পারের অপেক্ষায় আটকে ছিল।আটকে পড়া যানবাহনের শ্রমিকেরা জানান, ঘাট ও ফেরির স্বল্পতাসহ যানবাহনের চাপ পাটুরিয়া ঘাটের জন্য নতুন কিছু নয়। কিন্তু এবারের যানজটের কারণ একটু ভিন্ন। কয়েক দিন ধরেই পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ছে। কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিলে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের এমন দুর্ভোগে পড়তে হতো না।বিআইডব্লিউটিসি আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, নৌরুটটিতে আটটি ফেরি সচল থাকলেও পানি বাড়ার কারণে দৌলতদিয়ার দুটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়।শিবচর (মাদারীপুর): পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় ও অব্যবস্থাপনার কারণে কাওড়াকান্দি ফেরিঘাটে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘাট থেকে পাঁচ্চর পেট্রোলপাম্প পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। চার শতাধিক মালবাহী ট্রাকসহ সহস্রাধিক গাড়ি উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে।কাওড়াকান্দি ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিএর কর্মচারী নাসির খান জানান, এই রুটে চলাচলকারী ১২টি ফেরির সবগুলো সচল রয়েছে। পানি দ্রুত বেড়ে যাওয়ায় পন্টুনের সামনের অংশ তিন থেকে সাড়ে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে ফেরি থেকে গাড়ি লোড-আনলোডের ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। মাঝে মাঝেই কয়েক ঘণ্টা করে ফেরি লোড-আনলোড বন্ধ থাকছে। বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী কামাল পাশা বলেন, পানি বাড়লে প্রতিবছরই এ সমস্যা দেখা দেয়।