কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়ীতে স্থানান্তর
>দূরত্ব কমলেও এই রুটে ফেরি ভাড়া কমবে না বলে জানালেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়ীতে স্থানান্তর করা হয়েছে। শিবচর উপজেলায় গতকাল রোববার কাঁঠালবাড়ী ফেরিঘাটের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
ফেরিঘাট উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, কাওড়াকান্দি ফেরিঘাট স্থানান্তর করায় নৌপথে দূরত্ব পাঁচ কিলোমিটার কমে এখন দূরত্ব দাঁড়িয়েছে আট কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের গতি সৃষ্টি করছেন, তারই মাইলফলক এই কাঁঠালবাড়ী ফেরিঘাট।
তবে মন্ত্রী জানান, দূরত্ব কমলেও এই রুটে ফেরি ভাড়া কমবে না। তিনি এ সময় লঞ্চ আর স্পিডবোটের ভাড়া কমানো নিয়ে চিন্তাভাবনার আশ্বাস দেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, কাঁঠালবাড়ীতে অনেক যানবাহন পার্কিংয়ের সুবিধা রয়েছে। ফলে নতুন এই ঘাট এলাকায় কোনো যানজট হবে না। শুধু কাঁঠালবাড়ী ফেরিঘাটের উন্নয়ন নয়, সড়কপথেরও উন্নয়ন করা হয়েছে। যানবাহনগুলো একটি সড়ক দিয়ে ফেরিতে উঠবে, আরেকটি সড়ক দিয়ে নামবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাংসদ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম রোকসানা ইয়াসমিন ছুটি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।
বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম সাংবাদিকদের জানান, বর্তমানে এই নৌরুটে ‘ফেরি কুমিল্লা’ নামে আরও একটি ফেরি যুক্ত হওয়ায় প্রতিদিন ১৮টি ফেরি, ৮৬টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় প্রায় ৫০ হাজার মানুষ পারাপার করছে।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, যানজটমুক্ত রাখতে একমুখী যাতায়াতের জন্য ঘাট থেকে দুটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে, যা পদ্মা সেতুর সংযোগ সড়কে গিয়ে মিশেছে। তিন কিলোমিটার করে দৈর্ঘ্যের এ সড়ক দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। কাঁঠালবাড়ীতে ২৪ একর জায়গার ওপর দুটি যাত্রীছাউনি, তিনটি পার্কিং ইয়ার্ড, চারটি ফেরিঘাট, তিনটি লঞ্চঘাট, একটি স্পিডবোট ঘাট ও একটি পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে।