কাওড়াকান্দি ফেরিঘাটে দুই কিলোমিটার জুড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের কাওড়াকান্দি ফেরিঘাটে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকে আছে কয়েক শ গাড়ি। এ কারণে ঈদ শেষে কর্মস্থলমুখী দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।গতকাল শুক্রবার বিকেলে কাওড়াকান্দি ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষ যানজটে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। নাব্যতার সংকট, অসংখ্য ডুবোচর, ফেরির সংকট, পদ্মায় পানি বৃদ্ধিসহ নানা কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ডুবোচরের কারণে ফেরিগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নদী পার হতে হচ্ছে। আগে যেখানে ফেরি পার হতে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা, এখন লাগে প্রায় চার ঘণ্টা। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, ঈদ শেষে ঢাকামুখী ছোট গাড়ির চাপই যানজটের প্রধান কারণ। আগে প্রতিদিন ১৫০ থেকে ২০০ ছোট গাড়ি এই ঘাট দিয়ে পার হতো। কিন্তু বর্তমানে পার হচ্ছে ৭০০ থেকে ৮০০ ব্যক্তিগত গাড়ি। নাব্যতার সংকটের কারণে ফেরিগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলতে হচ্ছে।বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মাসুকুল হক বলেন, তীব্র স্রোতের কারণে সঠিকভাবে নদী খনন করা যাচ্ছে না। তা ছাড়া বর্তমানে যে চ্যানেল দিয়ে ফেরি পার হচ্ছে, সেখানে নাব্যতার সংকট দেখা দিয়েছে। তবে শিগগির খনন শুরু হবে।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট ম্যানেজার শাহ নেওয়াজ চৌধুরী বলেন, ফেরি পার হতে এমনিতেই সময় বেশি লাগে। উপরন্তু, ঘাটে বিশৃঙ্খলার কারণে যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।