কাওড়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
ট্রাকচালককে মারপিটের ঘটনায় গতকাল মঙ্গলবার মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, গতকাল সকালে ঘাটে দায়িত্বরত আনসার সদস্যরা পদ্মা পার হতে ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছিলেন। টাকা নিয়ে পেছনের ট্রাককে আগে যাওয়ার ব্যবস্থা করছিলেন তাঁরা। এর প্রতিবাদ করলে আনসার সদস্যরা এনায়েত হোসেন নামে এক ট্রাকচালককে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাকশ্রমিকেরা সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত কাওড়াকান্দি বাঁশকল-সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে অভিযুক্ত চার আনসার সদস্যকে প্রত্যাহার করে শিবচর থানায় নিয়ে এলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। আহত এনায়েত হোসেনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘাটে আনসার সদস্যদের নিয়োগ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, ‘কাঁচামালের ট্রাক আগে পার করার নিয়ম আছে। আনসাররা সেই কাজটিই করছিলেন।’