কাওড়াকান্দিতে ঢাকামুখী যাত্রীদের ভিড়
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের কাওড়াকান্দি ঘাটে গতকাল সোমবার ঢাকামুখী যাত্রীদের প্রচুর চাপ ছিল। দিনভর দীর্ঘ যানজটও ছিল। তবে শিমুলিয়া ঘাটে পরিস্থিতি স্বাভাবিক ছিল।
কাওড়াকান্দি ঘাটে যানবাহনে আটকা পড়া যাত্রীদের অভিযোগ, ঘাটের অব্যবস্থাপনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী বলেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করে দক্ষিণবঙ্গের মানুষ ঢাকার কর্মস্থলে ফিরছেন। এতে কয়েক দিন ধরেই কাওড়াকান্দি ঘাটে যাত্রীদের চাপ ছিল। যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ ছোট-বড় যানবাহনের ব্যাপক চাপ লক্ষ করা যায়। গতকাল সকাল থেকে সারা দিন কাওড়াকান্দি ঘাটে তিন থেকে চার শ যানবাহন পার হওয়ার জন্য আটকে থাকে।
যাত্রী আবদুল আউয়াল বলেন, ‘খুলনা থেকে কাওড়াকান্দি ঘাটে বেলা ১১টায় আসি। সাড়ে তিন ঘণ্টা পর বেলা আড়াইটায় ফেরিতে উঠতে পারি। প্রচণ্ড গরমের মধ্যে তীব্র কষ্ট সইতে হয়েছে।’ আরেক যাত্রী দ্বীন ইসলাম শেখ বলেন, ঘাট ব্যবস্থাপনার লোকজনের নানা অব্যবস্থাপনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়েছে।