কাওয়াদিঘি হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনু নদ প্রকল্প এলাকার কাওয়াদিঘি হাওরাঞ্চলের সদর ও রাজনগর উপজেলার ১১টি ইউনিয়নের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে রাজনীতিবিদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বাক্ষর করেছেন।স্মারকলিপিতে বলা হয়েছে, মনু নদ প্রকল্প এলাকার কাওয়াদিঘি হাওরাঞ্চলের মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ও রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে গত বৈশাখ মাস থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কার্তিক মাসেও জলাবদ্ধতা দূর হয়নি। বৃষ্টি হলেই জলাবদ্ধতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধতার কারণে বৈশাখ মাসে বোরো ধান তোলা সম্ভব হয়নি। একইভাবে বোনা আমন ও রোপা আমনের চাষাবাদ সম্ভব হয়নি। ধানের জমিতে এখনো কোমরসমান পানি। গত ৫০-৬০ বছরে কাওয়াদিঘি হাওরাঞ্চলে এ রকম জলাবদ্ধতা হয়নি। জলাবদ্ধতার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ায় মনু নদ প্রকল্প এলাকার ১১টি ইউনিয়নে ইতিমধ্যে খাদ্যসংকট প্রকট হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে ত্রুটিপূর্ণ অবস্থাতেই মনু নদ প্রকল্প চালু হয়েছে। প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কাশিমপুর এলাকায় একটি পাম্পিং প্লান্ট রয়েছে। এই পাম্পিং প্লান্টের যন্ত্রপাতির মেয়াদ ১৫ বছর আগেই অতিক্রান্ত হয়েছে। বর্তমানে আটটি মেশিনের মধ্যে মাত্র তিনটি মেশিন চালু আছে। অন্যদিকে কাশিমপুর পাম্পে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে কাওয়াদিঘি হাওরের ভেতর দিয়ে। এরই মধ্যে বৈদ্যুতিক খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে। কালবৈশাখীতে প্রতিবছরই খুঁটি হেলে পড়ে বা ভেঙে পড়ে। তখন পাম্প হাউসের সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে পানিনিষ্কাশন সম্ভব হয় না। এ ছাড়া কাওয়াদিঘি হাওর সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে। দীর্ঘকাল এই হাওরে সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি।স্মারকলিপিতে যেসব দাবি করা হয়েছে: মনু নদ প্রকল্পের পানিনিষ্কাশনের লক্ষ্যে নতুন করে এক বা একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পিং প্লান্ট স্থাপন, পাম্পিং প্লান্টের জন্য আলাদা পাওয়ার স্টেশন নির্মাণ। হাওরের মুনিয়া খাল ও করাদাইর খাল খনন, জলাধারের জন্য বড় বিলগুলো সংস্কার এবং মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা করা, মনু নদ প্রকল্পের অসম্পূর্ণ কাজ সম্পন্ন, শুষ্ক মৌসুমে প্রকল্পের সেচখাল সম্প্রসারণ, পুরোনো সেচখাল ও বন্যা প্রতিরোধ বাঁধের সংস্কার, প্রকল্প এলাকায় পানি চলাচলের জন্য স্লুইসগেটের সংখ্যা বাড়ানো, পুরোনো পায়ে চলা সেতুর সম্প্রসারণ করা।স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আহমদ, শামীম আহমদ, বকসি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, বকসি মিছবাউর রহমান প্রমুখ।