কাওয়াদীঘি হাওরাঞ্চলে কৃষকের জন্য নতুন উপদ্রব কচুরিপানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো পানির নিচে বোরো ধানের বেশির ভাগ বীজতলা। ধীরগতিতে হলেও পানি কমছে। এতে একটু একটু করে আশা জাগছে কৃষকদের মনে। কিন্তু কাওয়াদীঘি হাওরাঞ্চলের কৃষকদের সামনে নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে কচুরিপানা। হাওরের প্রায় তিন থেকে চার হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে এসব কচুরিপানা। কৃষকদের আশঙ্কা, পানি নামার সঙ্গে সঙ্গে এই কচুরিপানা জমিতে আটকে যাবে। পানি কমার সময় স্রোতের সঙ্গে মনু নদী প্রকল্পের কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে এই কচুরিপানা কুশিয়ারা নদীতে বের করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস ধরে চলা জলাবদ্ধতা হাওরপারের গ্রামগুলোর কৃষকদের মধ্যে ফসল হারানোর হাহাকার সৃষ্টি করেছে। আগামী মৌসুমের বোরো চাষাবাদ সম্ভব হবে কি না, এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বীজতলা পানির নিচে থাকায় কৃষকেরা হালিচারা তৈরি করতে পারছেন না। এলাকাবাসী জানিয়েছেন, গত কয়েক দিন ধীরে ধীরে পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, প্রতিদিন ১০ থেকে ১৫ সেন্টিমিটার পানি কমছে। এতে সপ্তাহের মধ্যে বীজতলা তৈরির সুযোগ হতে পারে।সরেজমিনে দেখা গেছে, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর, ইসলামপুরসহ কাওয়াদীঘি হাওরের বিস্তীর্ণ এলাকায় সবুজ চাদরের মতো ছড়িয়ে আছে কচুরিপানা। এলাকাবাসী অতীতের অভিজ্ঞতা থেকে বলছেন, পানি কমার সঙ্গে সঙ্গে এই কচুরিপানা ফসলি জমির ওপর আটকে যাবে। তখন এক কিয়ার (বিঘা) জমির কচুরিপানা পরিষ্কার করতে দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় করতে হবে। অনেকের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হবে না। আবার সময়মতো শ্রমিকও জোটে না। এ কারণে অনেক কৃষক তাঁদের জমিতে ধান রোপণ করতে পারবেন না। গত বছরও কচুরিপানার জন্য অনেক জমিতে আবাদ সম্ভব হয়নি। এলাকাবাসী জানান, কাওয়াদীঘি হাওরের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর, শাহবাজপুর, ফতেহপুর, সাদপুর, বেড়কুচি, তাহিরপুর, আবদুল্লাহপুর, জাহিদপুর, চরকারপার, রশিদপুর, সোনাপুর, ইসলামপুর, অন্তেহরির একাংশ থেকে বালাগঞ্জ খেয়াঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন কচুরিপানা দেখা যাচ্ছে। বিচ্ছিন্নভাবে এই কচুরিপানা পরিষ্কার করা কঠিন। সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রকিব প্রথম আলোকে বলেন, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা গিজগিজ করছে। এমন পুরো আস্তর যে, এর ওপর দিয়ে হাঁটা যায়। করাদাইর খাল দিয়ে কচুরিপানা বের হতো। এখন ওই খাল কচুরিপানায় ভরে আছে। রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের শহীদুল ইসলাম গত শনিবার বলেন, কাশিমপুর পাম্প হাউসের সামনে কিছু কচুরিপানা পরিষ্কার করা হয়েছিল। তাতে কাজ হয়নি। পাম্পের মুখে কচুরিপানা আটকে আছে। এলাকাবাসী বলেছেন, কয়েক দিনের মধ্যে বিলগুলোর পার ভেসে উঠবে। তখন আর কচুরিপানা করাদাইর খালে নেওয়া যাবে না। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম চৌধুরী বলেন, প্রায় তিন-চার হাজার একর জায়গাজুড়ে কচুরিপানা। যেকোনো উপায়ে তা সরাতে হবে। কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে কুশিয়ারায় বের করে দিতে পারলে ভালো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা করেছেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, কচুরিপানা সরানোর জন্য পাউবোকে (পানি উন্নয়ন বোর্ড) বলা হয়েছে। এ কাজে জনসাধারণকেও সহযোগিতা করতে হবে। পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘কচুরিপানার ব্যাপারে আমি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি প্রকল্প অনুমোদনের অপেক্ষা না করে কাজ শুরু করতে বলেছেন। আমি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’