কাওয়াদীঘিতে ফসল রক্ষার দাবিতে বিক্ষোভ কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগাম বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল বাঁচাতে মনু নদ প্রকল্প এলাকার কাওয়াদীঘি হাওরের কাশিমপুর পাম্প হাউস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ জানালেন কৃষকেরা। গতকাল রোববার কাওয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাশিমপুর পাম্প হাউস সংস্কারের দাবিতে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মৌলভীবাজার জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটি। এ সময় হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক নীহারেন্দু হোম চৌধুরী, হাওর রক্ষা সংগ্রাম কমিটির নেতা সরওয়ার আহমদ, জুনেদ আহমদ চৌধুরী, আলমগীর হোসেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সদস্য নিত্যানন্দ দাস, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মনির মিয়া, আনছার মিয়া প্রমুখ।জুনেদ আহমদ চৌধুরী বলেন, ‘আমরা কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করি। কিন্তু হাওরপারের কৃষকদের কোনো মূল্যায়ন নেই।’ তিনি বিল ইজারার সমালোচনা করে বলেন, ‘যারা বিল ইজারা নেয় তারা মৎস্যজীবী না। এই এলাকার মাছের ওপর মানুষের কোনো অধিকার নেই। বিল ইজারাদারের কাছ থেকে রাতের বেলা ঢাকা ও চিটাগাংয়ের ব্যবসায়ীরা এসে গাড়ি দিয়ে মাছ নিয়ে যায়। আমরা ইছার (চিংড়ি) গুঁড়াও পাই না। অথচ এই মাছের জন্য আমাদের ফসল ডুবছে। আমাদের ফসল ও মাছ রক্ষা করতে হবে।’ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের কাশিমপুর পাম্প হাউসের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ গতকাল পাম্প হাউসে অবস্থান কর্মসূচি চলাকালে প্রথম আলোকে বলেন, ‘আমাদের আটটি পাম্প। এর মধ্যে চারটি নষ্ট ছিল। চারটা সম্পূর্ণ প্রস্তুত আছে। এখন কাজ চলছে। নষ্ট চারটির মধ্যে দুটির কাজ প্রায় শেষ। বাকিগুলোও কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিছুটা আইনি জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে।’সহকারী প্রকৌশলী জানান, বোরো ফসলের জন্য এই পাম্প হাউস স্থাপন করা হয়েছে। হাওরের অতিরিক্ত পানি বের করাই এর কাজ। আর এটার কাজ মূলত ১৫ থেকে ১৬ দিন। এর মধ্যে ধান কাটা শেষ হয়ে যায়। এরপর কার্যকারিতা আর তেমন থাকে না। কারণ, হাওরে ১৪-১৫টি পাহাড়ি ছড়ার (খাল) পানি এসে পড়ে। এই পানি সেচ দিয়ে হাওর থেকে বের করা সম্ভব নয়। অন্যদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায়ও সময়মতো পাম্প চালু রাখা অনেক সময় যায় না।