কাওয়াদীঘিতে ‘ফিসপাস’ প্রকল্প কাজে আসছে না
মৌলভীবাজারের কাওয়াদীঘি হাওরে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত ‘ফিসপাস পাইলট প্রকল্প’ উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে মাছের প্রজনন মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় প্রকল্পটি এখন কোনো কাজে আসছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয় সূত্র জানায়, একটি আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে ১৯৯৫ সালে ৭৭ লাখ টাকা ব্যয়ে সদর ও রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওর এলাকায় ফিসপাস পাইলট প্রকল্প বাস্তবায়ন করে পাউবো। এর লক্ষ্য ছিল কুশিয়ারা নদীর সঙ্গে প্রজনন মৌসুমে কাওয়াদীঘির সরাসরি সংযোগ স্বাভাবিক রাখা, যাতে হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। কিন্তু মাছের প্রজনন মৌসুমে (বৈশাখ-জ্যৈষ্ঠ) হাওর থেকে ফিসপাস প্রকল্পের তলানির উচ্চতা বেশি থাকায় প্রকল্প খাল দিয়ে পানি বের হতে না পারায় হাওরে মাছ ঢুকতে পারে না। আর হাওর পানিতে ভরাট হলে বাইন ও গুতুমজাতীয় কিছু মাছ ওঠে। তখন স্থানীয় মৎস্যশিকারিরা প্রকল্পের খালের মুখে জাল ফেলে সেগুলো ধরে। এতে প্রকল্পের উদ্দেশ্য পূরণ হচ্ছে না।প্রকল্প এলাকা রাজনগর উপজেলার কাশিমপুর গ্রামের লুত্ফুর মিয়া বলেন, ‘আমরা হাওরের পাড়ে বড় অইছি। বৈশাখ মাসো নদী থাকি মাছ ওঠে দেখিয়া আরাম (আসছি)। কিন্তু মনু নদ প্রকল্পের পর আর মাছ নাই। এখন মাছ ওঠার লাগি প্রজেক্ট করা অইলেও (হলেও) অও (এই) সময় প্রজেক্ট থাকি হাওরের পানি থাকে নিচে। খাল থাকে শুকনা। ডিম ছাড়ার সময় মাছ হাওরে উঠতো পারে না। ডিম নদীতই ছাড়ে। এটা (ফিসপাস প্রজেক্ট) এখন কোনো কাজই লাগে না।’ রাজনগর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এম এ বাছিত বলেন, ‘প্রকল্পের তলদেশ উঁচু। বর্ষাকালে হাওর থেকে পানি না নামলে মাছ উঠতে পারে না। এ জন্য পানি, প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয় দরকার।’ জেলা মৎস্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন কাইয়া বলেন, কুশিয়ারা থেকে কাওয়াদীঘিতে এসে মাছের ডিম ছাড়ার জন্য পরীক্ষামূলকভাবে প্রকল্পটি করা হয়েছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন সময়মতো প্রয়োজনীয় বৃষ্টি হচ্ছে না, যে জন্য সমস্যা হচ্ছে।