কাক মরছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায়
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, রাজশাহীতে কাক মরছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার থেকে রাজশাহীতে চারটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দল কাক ছাড়াও মানুষ, পোলট্রি মুরগি, গবাদিপশু ও পাখির ওপর এর প্রভাব নিয়ে অনুসন্ধানে নেমেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নগরে শতাধিক কাকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিসংখ্যক কাক মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। এ ছাড়া শালবাগান, উপশহর ও সাহেববাজার এলাকার রাস্তার ধারে বেশ কিছু কাক মরে পড়ে ছিল। গাছেও ঝুলে ছিল অনেক কাক। এ নিয়ে লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বিপুলসংখ্যক কাকের মৃত্যুর কারণ খুঁজতে ৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র-বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি বিশেষজ্ঞ দল রাজশাহীতে আসে। তারা বিভিন্ন জায়গা থেকে অসুস্থ ও মৃত কাকের লালা, রক্ত ও মল সংগ্রহ করে। সে সময় বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার আগে কাকের মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এরপর ১১ ফেব্রুয়ারি রাজশাহীতে আসেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মেহেদি হোসেন। তিনি কাকের খাদ্যের উৎস পরিদর্শন করে সিটি করপোরেশনের কর্তৃপক্ষকে উচ্ছিষ্ট ব্যবস্থাপনা উন্নয়নে সুপারিশ করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, গবেষণাগারে নমুনা পরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কাক মারা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোগতত্ত্ব ইনস্টিটিউট, প্রাণিসম্পদ অধিদপ্তর, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র-বাংলাদেশ এবং ইকো হেলথ অ্যালাইনসের ১৭ জন বিশেষজ্ঞ রাজশাহীতে পরবর্তী অনুসন্ধানের কাজ শুরু করেছেন।
জানতে চাইলে রোগতত্ত্ব ইনস্টিটিউটের পরিচালক মাহমুদুর রহমান বলেন, পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে। এখন অনুসন্ধান চলছে—কোথা থেকে কীভাবে এই ভাইরাস কাকে সংক্রমিত হলো। তা ছাড়া মানুষ ও পোলট্রি মুরগি আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে কি না বা আক্রান্ত হয়েছে কি না, তাও দেখা হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ঢাকার বিশেষজ্ঞ দল তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গাছগুলো এমনভাবে ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন, যাতে কাক বসতে না পারে। হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন। কোথাও যেন কাকের মলমূত্র না পড়ে থাকে—সেদিকে নজর রাখতে বলেছেন। এ ছাড়া মরা কাক সাবধানতার সঙ্গে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন তাঁরা।
যোগাযোগ করলে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, করণীয় ঠিক করতে ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্যসংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তিনি আরও বলেন, কাক সারা শহরেই রয়েছে, কিন্তু মারা যাচ্ছে হাসপাতাল এলাকায়। এটা হাসপাতালের বর্জ্যের কারণেও হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আর যেসব জায়গায় জবাই করা মুরগির নাড়িভুঁড়ি ফেলা হয়, তা যাতে কাক খেতে না পারে, সে জন্য পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর মারা যাওয়া কাকগুলো পুঁতে ফেলা হচ্ছে।