কাকপাড়া বেড়িবাঁধ বিলীন পেকুয়ার ২০ গ্রামে জোয়ারের প্লাবন
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়ার ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যার জোয়ারের পানি ঢুকে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হচ্ছে।স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার থেকে অমাবস্যার জোয়ারের পানিতে শত শত বসতবাড়ি প্লাবিত হচ্ছে।গত ২১ জুলাই সকালে জোয়ারের ধাক্কায় এই কাকপাড়া পয়েন্টে প্রায় ১২ চেইন (১২০০ ফুট) বেড়িবাঁধ ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ড ভাঙা বেড়িবাঁধ মেরামতের জন্য আগস্ট মাসে ৫৫ লাখ টাকা বরাদ্দ দিলেও এখন পর্যন্ত বাঁধটি নির্মিত হয়নি।মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা জানান, ধীর গতিতে কাজ করার কারণে ওই ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এ কারণে ইউনিয়নের ২০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।ঘোষাল পাড়ার ব্যবসায়ী মোস্তাক আহমদ জানান, উত্তাল সাগরের তীব্র ঢেউয়ে কাকপাড়া বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ফলে দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দীন বলেন, কাকপাড়ার ভাঙা বেড়িবাঁধের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।