কাকরাইল মসজিদ থেকে আটক ২৪ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আটক ২৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠায় রমনা থানার পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই ২৪ জন মুসল্লিকে আটক করে রমনা থানার পুলিশ।
রমনা থানার অপারেশন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, কাকরাইল মসজিদের বর্তমান কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে কয়েকজন মুসল্লি নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রচারপত্র বিলি করে বিভিন্ন জায়গায় তা ছড়ানোও হচ্ছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই মুসল্লিরা মসজিদের সামনে কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে বেশ হট্টগোল শুরু হয়। পুলিশ সেখানে গিয়ে ২৪ জন মুসল্লিকে আটক করে।
তবে এই ২৪ জনকে আটক করার প্রতিবাদে গতকাল সকাল থেকেই অর্ধশতাধিক মুসল্লি রমনা থানার সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আটক ২৪ জনকে আদালতে পাঠানো হলে ওই মুসল্লিরা থানা ত্যাগ করেন।