কাকরাইলে খোঁড়াখুঁড়িতে বিশৃঙ্খলা

রাস্তা কেটে বিশাল গর্ত। গর্তের মোটা পাইপ তুলে ফেলে রাখা হয়েছে রাস্তার ওপর। সঙ্গে মাটি, জমাটবাঁধা পলিথিন আর যাবতীয় আবর্জনা। কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রধান কার্যালয় ও আশপাশের সরকারি ভবনগুলোর সামনের সড়কটি এখন খোঁড়াখুঁড়ি, নির্মাণাধীন ড্রেনেজ লাইন, পুরোনো পাইপ আর আবর্জনার দখলে।
এতে করে কাকরাইল মোড়, নয়াপল্টন, বিজয়নগর এলাকায় যানজট কমছে না। পথচারী, যানবাহন আরোহী এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে অহরহ।
গত শনিবার রাজধানীতে যানবাহনের সংখ্যা ছিল কর্মদিবসের তুলনায় কম। স্থানীয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল বন্ধ ছিল। তারপরও এলাকায় যানজট হয়েছে। গতকাল রোববার স্কুলের প্রভাতি শাখার শিক্ষার্থীরা আসার পথে সমস্যায় না পড়লেও ছুটি শেষে যানজটের কবলে পড়ে। দুপুর সাড়ে ১২টায় দিবা শাখার শিক্ষার্থী, যারা পুরান ঢাকা বা পূর্বাঞ্চলীয় এলাকায় থাকে, তারা পড়ে বিপাকে। চরম বিরক্ত একজন অভিভাবক আবদুর রশীদ বলেন, হাটখোলা থেকে রিকশা ঠিক করেন বেলা ১১টায়, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড়ে আসতে আসতে স্কুলে ঢোকার সময় পার হয়ে যায়। পরে স্কুলে ঢুকতে ছেলেকে বাধা দেওয়া হয়। ছেলেকে নিয়ে স্কুলে আসতে দেরি হয়ে যায় ওয়ারীর বাসিন্দা মরিয়ম বেগমেরও। তিনি বলেন, বিকেল চারটায় স্কুল ছুটির পর আরও সমস্যা হয়। রাস্তার কারণে বেশির ভাগ রিকশা যেতে রাজি হয়নি। দুজন রিকশাচালক রাজি হন অস্বাভাবিক ভাড়ায়।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, নয়াপল্টন থেকে কাকরাইলে যাওয়ার সড়কে যানবাহনের দীর্ঘ সারি। ট্রাফিক সিগন্যাল থাকে বিএনপির কার্যালয়ের প্রায় কাছাকাছি পর্যন্ত। প্রায় ২০ মিনিট পর যখন যানবাহন চলতে শুরু করে, তখন যানজটের কারণ বুঝতে পারেন চালক ও আরোহীরা।
দেখা গেল, বিজয়নগরের পশ্চিম প্রান্তে আগে মাসখানেক ধরে খোঁড়াখুঁড়ির যে কাজ হয়েছে, তার ধারাবাহিকতায় কাকরাইলে নতুন করে গর্ত খুঁড়ে ড্রেনেজ লাইন করা হয়েছে। গর্তে মোটা রড বাঁধা আর কংক্রিটের কাজ হয়েছে। পুরো জায়গাটি অরক্ষিত। সাবেক কর ন্যায়পাল কার্যালয়, আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রধান কার্যালয়সহ সামনের পুরো রাস্তায় মোটা ভাঙা পাইপ। মাটির নিচ থেকে তুলে ‘যেমন খুশি’ ফেলে রাখা হয়েছে।
রিকশায় বসা এক বয়োজ্যেষ্ঠ নারী সেগুনবাগিচায় যাবেন। যানজটে অতিষ্ঠ হয়ে অবশেষে রিকশা থেকে নেমে হাঁটা ধরলেন তিনি। কিন্তু হেঁটে যাওয়াও মুশকিল। যেতে যেতে বললেন, ‘রাস্তার মধ্যে আবর্জনা। যার যেমন ইচ্ছা কাজ করছে। সবাই আছে খবরদারিতে, এসব দেখার কেউ নাই।’
বিজয়নগর পূর্ব প্রান্তের রাস্তার পাশেও টানা গর্ত খোঁড়া হয়েছে। সেখানে চশমার দোকান ও গাড়ির যন্ত্রাংশ বিক্রির অনেকগুলো দোকান। যন্ত্রাংশ বিক্রির কয়েকজন দোকানি ক্ষোভ জানিয়ে বলেন, দুই মাস আগে কালভার্ট রোডের কাছে একই কাজে খোঁড়াখুঁড়ি হয়েছে। এর ধকল পড়ে পুরো এলাকায়। ওই সময় একই সঙ্গে এখানকার খোঁড়াখুঁড়ির কাজও করে ফেলা সম্ভব ছিল। এখন দ্বিতীয় দফার ভোগান্তিতে আছেন তাঁরা। ক্রেতারা আসতে পারেন না। বেচাকেনা খুব খারাপ। বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা প্রতিহত করতে এসব এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে (ডিএসসিসি) বৃষ্টির পানি যাওয়ার ড্রেনেজ লাইন করা হচ্ছে। ডিএসসিসি তিনটি প্যাকেজে ৭০ কোটি টাকায় কাজটি করছে।
ডিএসসিসির সদ্য বিদায়ী প্রধান প্রকৌশলী মো. নূরুল্লাহ বলেন, নর্দমা করাসহ উন্নয়নকাজে সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি খুব জরুরি। কিন্তু নির্দেশ থাকলেও বেশির ভাগ ঠিকাদারের লোকজন তা মানেন না।
স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তবা জামান বলেন, সড়ক ব্যবস্থাপনার বিষয়ে তিনি ঠিকাদারের লোকদের সঙ্গে আগেই কথা বলেছেন। তিনি বলেন, এখন ভোগান্তি হলেও পরে সুফল পাওয়া যাবে। এই ড্রেনেজ লাইন হলে পুরো এলাকায় জলাবদ্ধতা বন্ধ হবে।